২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে এবারও দেশসেরা মনিপুর

টানা পঞ্চমবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:19 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

স্কুলের পঞ্চম শ্রেণির তিন হাজার ৮০৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯২৬ জন।

প্রাথমিক সমাপনীতে এবার ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন।

শিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও এইচএসসিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা না করার সিদ্ধান্ত নিলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও সেই তালিকা করেছে।

সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেতে অনেক প্রতিষ্ঠানই অনিয়ম করে- এমন অভিযোগের ভিত্তিতে চলতি বছর থেকে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিবন্ধিত ছাত্র-ছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং পরীক্ষায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের হারের ভিত্তিতে সারা দেশের সেরা ২০ স্কুলের তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই হিসাবে মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে সর্বোচ্চ স্কোর ৯৯.৮৬।

প্রাথমিকে দেশসেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

ঢাকার মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্কুল এবারও তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, প্রতিষ্ঠানটির স্কোর ৭২.১৩।

এই স্কুল থেকে এক হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৫৮ জন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৭৭.১১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই স্কুলের ৯৯ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩১ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (স্কোর ৬৭.৮৮), পঞ্চম স্থানে রমনার ভিকারুননিসা নূন স্কুল (স্কোর ৬৪.০১) এবং ষষ্ঠ স্থানে ডেমরার সামসুল খান স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৬৩.৪৬)।

তালিকায় এরপর রয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (স্কোর ৬০.৬৫), গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৯.৪৪), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (স্কোর ৫৯.৪১), রমনার উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৮.৬৪), ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গালর্স কলেজ (স্কোর ৫৮), মতিঝিলের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৭.৭৮), ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতিস্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৭.৩৮) ও ডেমরার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কোর ৫৭)।

এরপর রয়েছে চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৬.৮৭), আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৬.৬৯), ঢাকা ক্যান্টনমেন্টর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ (স্কোর ৫৬.২৮), ঢাকা ক্যান্টনমেন্টের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৬.০৬), মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ (বাসাবো শাখা) (স্কোর ৫৬.০২) এবং গাজীপুরের সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ (স্কোর ৫৫.৮৯)।