২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে রাজনৈতিক সহিংসতায় ‘নিহত ১৫৩’

২০১৫ সালে রাজনৈতিক সহিংসতায় ১৫৩ জন মারা গেছেন বলে এক পরিসংখ্যানে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

মানবাধিকার সংগঠনটি বছরের শেষদিন বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০১৫ সালে জাতীয় পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ঘটেছে মোট ৮৬৫টি, এতে নিহত হয়েছেন ১৫৩ জন আর আহত হয়েছেন ৬৩১৮ জন।

এবছর আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে ১৯২ জন মারা গেছেন বলে দাবি করা হয় প্রতিবেদনে। গণপিটুনিতে মারা যান ১৩৫ জন।

হিন্দু সম্প্রদায়ের ১০৪টি বাসস্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ, ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও ২১৩টি প্রতিমা, পূজা মন্ডপ ও মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে আসকের পরিসংখ্যান বলছে; এসব ঘটনায় ৬০ জন আহত হন।

আসক বলছে, সীমান্তে বিএসএফের গুলিতে এ বছর মারা গেছেন ৩২ জন, নির্যাতনে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত হয়েছেন ৭৩ জন আর অপহরণের শিকার হয়েছেন ৫৯ জন।

২০১৫ সালে কারা হেফাজতে ৬৯ জন মারা যান বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ২৭ জন কয়েদি আর ৪২ জন হাজতি।

এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ৩৫ জন নারী, যার মধ্যে ৩ জন মারা গেছেন।

আসকের প্রতিবেদনে বলা হয়, এ বছর যৌন হয়রানির শিকার হয়ে ১০ জন নারী আত্মহত্যা করেছেন। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৫ জন নারী ও ১ জন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া ৩০৪ জন নারী-পুরুষ হয়রানি ও লাঞ্ছনার শিকার হয়েছেন।

এতে বলা হয়, বিদায়ী বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৭৫২ জন নারী আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬০ জন নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন দুজন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ৯৪ জন নারীর ওপর।

সালিশ ও ফতোয়ার মাধ্যমে ১২ জন নারী এক বছর নির্য‌াতনের শিকার হন বলে আসকের তথ্য।

সংগঠনটি বলছে, ৬৩ জন গৃহকর্মী নির্যাতনের শিকান হন এই বছর। এদের মধ্যে শাররিক নির্যাতনের পর মারা গেছেন সাতজন এবং ২৭ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়নি।

যৌতুকের শিকার হয়েছেন ২৯৮ জন নারী। তাদের মধ্যে শারিরীক নির্যাতের শিকার হন ১০১ জন আর যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ১৮৭ জন নারীকে।

এছাড়া যৌতুকের কারণে ১০ জন নারী আত্মহত্যা করেছেন বলে আসক জানিয়েছে।

তারা জানায়, ৩৭৩ জন নারী এ বছর পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৭৩ জন নারীকে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৫৪ জন নারী আর শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৪৬ জন নারী।