২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যার রায় 'প্রত্যাখ্যান' গণজাগরণ মঞ্চের

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার মূল উসকানিদাতার ‘লঘু’ শাস্তি হওয়ায় রায় 'প্রত্যাখ্যান' করে বিক্ষোভ প্রদর্শন ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বৃহস্পতিবার বিকালে শাহবাগের এই কর্মসূচি থেকে ব্লগার হত্যাকাণ্ডের বিচারে 'সরকারের সদিচ্ছা' নিয়েও প্রশ্ন তোলেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

রায় 'প্রত্যাখান' করে বিকাল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদঘরের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।

সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যে কোন মামলায় অপরাধের উসকানিদাতাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কিন্তু এই মামলায় প্রধান ব্যক্তিকে দেওয়া হলো মাত্র পাঁচ বছরের কারাদণ্ড।

"আবার যে দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের একজন এখনও পলাতক। এই রায় কোনোভাবে জনগণের প্রত্যাশিত নয়, আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।”

Image
ব্লগার রাজীব হায়দার হত্যার রায় প্রত্যাখান করে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিলের প্রস্তুতি

ব্লগার রাজীব হায়দার হত্যার রায় প্রত্যাখান করে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিলের প্রস্তুতি

২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন, যাতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ এসেছে।

এছাড়া মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন কারাদণ্ড, এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ড, মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ধরনের রায় রাষ্ট্রে জঙ্গিবাদের পুনর্বাসনের পক্ষে গিয়েছে মন্তব্য করে ইমরান এইচ সরকার বলেন, “এখানে বিচারের নামে প্রহসন হয়েছে। অপরাধীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।”

সরকারের ভেতরে জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকরা রয়েছে বলে অভিযোগ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

Image
ব্লগার রাজীব হায়দার হত্যার রায় প্রত্যাখান করে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

ব্লগার রাজীব হায়দার হত্যার রায় প্রত্যাখান করে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

“সরকার অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে। সরকারের সদিচ্ছা থাকলে কোনো অপরাধীই আইনের বাইরে যেতে পারে না।”

সমাবেশে রাজীব হায়দারের বাবা নাজিম উদ্দিন বলেন, “আত্মস্বীকৃত খুনিরা কীভাবে পার পেয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিচারে প্রধান উসকানিদাতার সর্বোচ্চ শাস্তি হয়নি। আবার যে দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের একজন এখনও পর্যন্ত পলাতক রয়েছে।”

‘ত্রুটিপূর্ণ ও অসঙ্গতির’ এই রায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ছেলেহারা এই বাবা।

সমাবেশে অন্যদের মধ্যে 'নিজেরা করি'র নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী খুশী কবির, উদীচীর সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, ভাস্কর রাশা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রাজীবের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বালন করেন বিক্ষোভকারীরা। এ সময় গাওয়া হয়, ‘আগুনের পরশমণি ছোয়াও প্রাণে’ গান।

এরপর বের করা মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।