মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও সিপিবির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “কমরেড মণি সিংহ ব্রিটিশবিরোধী আন্দোলন এবং বাঙালির স্বাধীকার আন্দোলনসহ সারা জীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন।
“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর সৌহার্দ্যপূর্ণ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।”
প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করে শেখ হাসিনা বলেন, “কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার শান্তি কামনা করছি।”
১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মণি সিংহ। তার বাবা কালী কুমার সিংহের মৃত্যুর পর মাত্র সাত বছর বয়সে মা সরলা দেবীর সঙ্গে মাতুলালয় নেত্রকোণার সুসং দুর্গাপুর চলে আসেন।
ব্রিটিশবিরোধী গোপন বিপ্লবী দল ‘অনুশীলন’ এর মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা হয় মণি সিংহের। পরে ১৯২৫ সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯২৮ সাল থেকে পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ শুরু করেন।
১৯৩৭ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন মণি সিংহ। সে সময় দূর্গাপুর এলাকার মুসলিম কৃষক ও গারো- হাজংদের নিয়ে ‘টংক’ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের জন্য ১৯৪১ সালে কারারুদ্ধ হন তিনি।
পাকিস্তান প্রতিষ্ঠার পর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হুলিয়ার মুখে প্রায় ২০ বছর আত্মগোপনে ছিলেন মণি সিংহ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রাজশাহী কারাগারের বন্দিরা জেল ভেঙে তাকে মুক্ত করে। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গেরিলা বাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মুজিবনগর সরকারের উপদেষ্টামণ্ডলির সদস্য করা হয় তাকে।
১৯৭৩ সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে তিনি সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে ফের কারারুদ্ধ হন তিনি।
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মারা যান কমিউনিস্ট পার্টির এই নেতা। জাতীয় জীবনে অবদানের জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ সরকার।
