২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাখারীবাজারে চার ভবন ভাঙা বন্ধের নির্দেশ

পুরান ঢাকার সংরক্ষিত শাখারীবাজার এলাকায় মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শনসহ চারটি ভবন ভাঙা বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:19 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়।

ওইসব স্থাপনা সংরক্ষণের জন্য কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটি গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া এ তালিকাভুক্ত ভবন, স্থাপনা ও এলাকাতে বিদ্যমান কাঠামো আংশিক বা সম্পূর্ণ অপসারণ, পুনঃনির্মাণ, পরিবর্তন, পরিমার্জন বা সংযোজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হল।

পাশাপাশি রাজউকের মহাপরিকল্পনাভুক্ত এলাকা, ঐতিহাসিক, নান্দনিক বা ধর্মীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সংরক্ষণের জন্য অনেকগুলো ঐতিহ্যবাহী ভবন তালিকাভুক্ত করা হয়।

‘মুঘল হেরিটেজ সাইট ডেমোলিস ইন ওল্ড টাউন’ শিরোনামে ৭ ডিসেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে আরবান স্ট্যাডি গ্রুপের সিইও স্থাপত্যবিদ তাইমুর রহমান ২৮ ডিসেম্বর রিট আবেদনটি করে, যা বুধবার শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আশিক-আল জলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

পরে আশিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঐতিহ্যবাহী ভবন হিসেবে তালিকায় ৯৩টি ভবন তালিকাভুক্ত হয়। আর শাখারীবাজারকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।

তিনি বলেন, নতুন স্থাপনা নির্মাণের জন্য ওখানে মুঘল স্থাপত্যের নিদর্শন রয়েছে এমন চারটি ভবন ভাঙা হচ্ছিল। এ নিয়ে পূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদনটি করা হয়। আদালত ওই চারটি (হোল্ডিং নং-৬২, ৬৩, ৬৪ ও ৬৫)  ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞাসহ কয়েকটি বিষয়ে রুল দিয়েছে।

ওখানে যারা ভবন মালিক আছেন তাদের ক্ষতিপূরণ দিতে যথাযথ বিধি প্রনয়ণের কেন নির্দেশ দেওয়া হবে না সে মর্মেও রুল এসেছে বলে জানান তিনি।