সবই উঠল, রইল শুধু আ. লীগ কার্যালয়
রাজধানীর আবদুল্লাহপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে গড়ে তোলা হাজারখানেক ঘর-বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলেও অক্ষত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি কার্যালয়।
বুধবার দ্বিতীয় দিনের মতো আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা মহানগর পুলিশ।
দুই লেনের ওই সড়ক চার লেনে উন্নীত করার জন্য ভূমি ফিরে পেতে এই অভিযান চালানো হয় বলে পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন।
এদিন ওই এলাকার প্রায় এক হাজার ঘর-বাড়ি উচ্ছেদ করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান।
তবে আব্দুল্লাহপুর মাছ বাজার থেকে মাত্র ৫০ গজ পশ্চিমে পাউবোর জামিতে আব্দুল্লাহপুর ইউনিট আওয়ামী লীগের কার্যালয় অক্ষত দেখা গেছে। পুলিশ ও পাউবোর কর্মকর্তারা কার্যালয়ের পাশের বস্তি ঘরগুলো উচ্ছেদ করলেও কার্যালয়টিতে হাত দেননি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের ম্যাজিস্ট্রেট মশিউর বলেন, “আপতত আমরা কার্যালয়টি রেখে দিয়েছি। এখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতারা আমাদের সহযোগিতা করছেন। তাই তাদের অনুরোধে আপাতত রেখে দেওয়া হয়েছে।”
পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রন্তি দেব গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ম অনুযায়ী কার্যালয়টি ভেঙে দেওয়ারই কথা ছিল। প্রশাসনের উচ্চ মহল থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে।”
উচ্ছেদে অংশ নেওয়া পাউবোর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, “এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের এলাকা। তার সুপারিশের কারণে কার্যালয়টি আপাতত ভাঙা হয়নি।”
রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত বাঁধের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি: আসিফ মাহমুদ অভি
রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত বাঁধের দুপাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের মুখে নিজেদের আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন অধিবাসীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
বেলা ১২টার দিকে যখন কার্যালয়ের পাশের অন্তত ৩০টি বস্তিঘর বুলডোজার দিয়ে মাড়িয়ে দেওয়া হয়, সবার দৃষ্টি ছিল কার্যালয়ের দিকে। উচ্ছেদের এক পর্যায়ে সেখানে অবস্থান করা নেতাকর্মীরা বেরিয়ে তালা মেরে চলে যান, অভিযানও সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
পাউবোর সহকারী পরিচালক রন্তি দেব বলেন, “অবৈধ দখলদাররা এসব স্থানে দীর্ঘদিন ধরে ছিল। আমরা তাদের বারবার নোটিস করেছি, সতর্ক করেছি। কিন্তু তারা সরে যায়নি।”
মশিউর রহমান জানান, আব্দুল্লাহপুর থেকে শুরু করে পশ্চিম দিকে সড়কের তিন কিলোমিটার এলাকায় দুই পাশের টং দোকান, কাঁচাবাজার ও আড়ৎ, টংঘরে মানুষের বসতি উচ্ছেদ করা হয়েছে।
দুই দিনে প্রায় ৫০ শতাংশ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, জানুয়ারির ২ তারিখে আবারও অভিযান চালানো হবে।
“সে সময় আওয়ামী লীগের ওই কার্যালয়ও ভেঙে দেওয়া হবে,” বলেন তিনি।
