২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে হলের টয়লেটে হাতবোমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন হল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার দুপুরে হলের ‘এ’ ব্লকের তিনতলায় একটি টয়লেটের ফ্ল্যাশ ট্যাংক থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মণ্ডল জানান।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল জানান, বুধবার সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিকরা হলের টয়লেট সংস্কার করতে গিয়ে ককটেল দেখতে পান। পরে শিক্ষার্থীরা বিষয়টি হল প্রশাসনকে জানালে প্রাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান প্রশাসনকে খবর দেন।

“পরে সাভার মডেল থানা পুলিশের একটি দল এসে ককটেল তিনটি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়।” 

প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, “বিভিন্ন সময়ে হলে বহিরাগতদের আনাগোণা দেখা যায়। তারাই হয়তো এখানে ককটেল এনে রেখেছে।”

সাভার থানার এস আই সফিউল বলেন, “দেখে মনে হয়েছে ককটেলগুলো বেশ কিছুদিন ধরে ওখানে রাখা ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখব।”