প্রতি জেলার একটি করে নির্বাচনী ট্রাইব্যুনাল
পৌর ভোট সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে প্রতি জেলায় একটি করে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।
আইন ও বিচার বিভাগ বুধবার নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করে আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত ও আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) ৬৪ জেলার একটি করে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করল।
আইন অনুযায়ী সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শ করে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট জেলার যুগ্ম-জেলা জজকে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং জেলা জজকে নির্বাচনী আপীল ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ট্রাইব্যুনাল পৌরসভা নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তিতে কাজ করবে।
বুধবার দেশের ২৩৪টি পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট হয়েছে।
জোর করে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার ঘটনা এবং সংঘর্ষের কারণে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ১১ পৌরসভার ১৭টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
এই নির্বাচনে ১৭৬ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে সরকারের শরীক জাতীয় পার্টি। বিএনপিও নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছে।
স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনী ফলের গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে। এই ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত যে কোনো মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টু না হলে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। আপিল ট্রাইব্যুনাল ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করবে।
