২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ব্যালট ছিনতাই, জালভোটের অভিযোগ

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে জালভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

ও মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:18 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

ভোট চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে ।

এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রমজান আলী নৌকা, বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ২৫টি কেন্দ্রে ১২৬টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নাসির উদ্দিন আহম্মেদ ও গাজী কামরুল হুদার অভিযোগ, চারটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার লোকজন ভয়ভীতি এবং প্রভাব বিস্তার করে পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন।

তারা অভিযোগ করেন, ভোটগ্রহণের শুরুতেই জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক তুষারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ তিতুমীর একাডেমী কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেন। এ সময় জালভোটও দেওয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে অন্য দুই মেয়র প্রার্থী  ওই কেন্দ্রে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। এ সময় তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।  পরে সেখানে অতিরিক্ত পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে সেখানে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার সময় নাহিদ হোসেন (১৪) নামের একজনকে হাতেনাতে  আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল হাই।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, “এক ভুয়া ভোটারকে আটক করা হয়েছে। এরপর জাল ভোট পড়েছে কি না তা আমার জানা নেই।”

এছাড়া কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম দাশড়া এলাকার রাওয়ান ইবনে রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন অভিযোগ করেন, বেলা সাড়ে ১২টার দিকে বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রমজান আলী গিয়ে পোলিং এজেন্টদের বের করে দেন। এছাড়া খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ কেন্দ্রে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার এক কর্মীকে মারধর করেছেন।

বেলা ৩টার দিকে মত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা ব্যালট ছিনতাই করছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সাড়ে ৩টার দিকে ফের ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে বেলা সাড়ে ৩টার দিকে পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের স্ত্রী মনি আক্তারের বিরুদ্ধে জালভোট দেওয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সকালে মানিকগঞ্জের জাগির উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি দেবেন্দ্র কলেজ কেন্দ্র ঘুরে ভোটার ও প্রার্থী-সমর্থকদের সরব উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট হতে দেখা যায়।

দেবেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর শিলা ভৌমিক বলেন, “ভোট দিতে কেউ কাউকে প্রভাবিত করছে এমনটি শুনিনি। যেখানে ভোট দিতে এসেছি সেখানেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি।”

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ সামছুল আলম চৌধুরী দুপুর ১টার মধ্যেই ৪০ শতাংশ ভোট পড়ার কথা জানান।

শান্তিপূর্ণ পরিবেশ থাকায় সন্তোষ প্রকাশ করেন রাজনৈতিক কর্মী-সমর্থকরাও।

মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সবাই ভোট দিতে পারছে।”

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুল আলম বলেন, “ভোটাররা কোনো রকম বাধা ছাড়াই উৎসবমুখর পরিবেশে রায় দিতে পারছে।

“নারী ও পুরুষ মিলিয়ে এ কেন্দ্রে ১ হাজার ৯শ’ ১১ জন ভোটার। দুপুর সাড়ে ১২টার মধ্যে প্রায় ৬শ’ জনের ভোট পড়েছে।”

পৌরসভা নির্বাচনের আরও খবর