শিশুদের মিলন মেলায় রাষ্ট্রপতি
শিশুদের কলধ্বনি, খেলাধুলা, নাচ, গান, আবৃত্তিতে বুধবার দিনভর মুখর ছিল বঙ্গভবন চত্বর। নানা বয়সী শিশুদের সঙ্গে দৈনন্দিন জীবনের বাইরে অন্যরকম এক সময় কাটালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বভাবসুলভ হাস্যরসে বলেছেন, “তোমরা শিশু, রাষ্ট্রপতির সঙ্গে সময় কাটাতে পারছ। আমার এলাকার শিশুরা রাষ্ট্রপতির কাছে আসতে পারে না।”
ঢাকা, বরিশাল, কিশোরগঞ্জ ও রাজশাহীর আড়াইশ’ শিশুদের নিয়ে আয়োজন করা হয় ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে শিশুদের মিলনমেলা’।
বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও। এই শিশুদের বয়স ছিল ৬ থেকে ১৪ বছরের মধ্যে।
দুপুরের আগে থেকেই বঙ্গভবনের মাঠে শিশুদের জন্য আয়োজন করা হয় বাঘের মুখে বল ছোড়া, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা।
হাওরে বেড়ে ওঠা আবদুল হামিদ শিশুদের শোনান তার শৈশবের স্মৃতিময় ঘটনা। কচি-কাঁচাদের জানান তার বেড়ে ওঠার কথা, স্কুল-কলেজ জীবনের নানা ঘটনা, মুক্তিযুদ্ধের কথা। উপদেশ দেন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে। বলেন দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে।
মূল অনুষ্ঠানের আগে রাজশাহী থেকে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আফরিন স্মৃতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখনও ভাবিনি আমি রাষ্ট্রপতির সঙ্গে সময় কাটাব। এমন দিনের জন্য আমি খুব আনন্দিত।”
মাহমুদ আলম লিটন নামে এক শিশু রাষ্ট্রপতির কাছে জানতে চায়, শৈশবে দুষ্টুমি করে বাবা-মার কাছে বকুনি খেয়েছেন কীনা।
নিজের শৈশবের কথা বলতে গিয়ে আবদুল হামিদ বলেন, “শুধু বকুনি না, চড়-থাপ্পড়ও খেয়েছি। যতক্ষণ ব্যথা থাকত, একটু খারাপ লাগত। কিন্তু পরে আবার ভালো লাগত।”
শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার প্রথম দেখা, রাজনৈতিক জীবনের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।
মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বলেন, “তোমাদের এ বয়সে আমরা ছিলাম পরাধীন দেশের নাগরিক। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে তোমরা বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সাথে একান্তে মিলিত হতে পারছ, তোমাদের মনের কথা বলতে পারছ। এটি তোমাদের জীবনে এক স্মরণীয় ও বিরল মুহূর্ত।”
“তাই সুযোগ পেলেই আমি ছুটে যাই আমার আপন আঙিনায়, আমার পৈত্রিক নিবাসে।”
শিশুদের গ্রামে যাওয়ার উপদেশ দিয়ে তিনি আরও বলেন, “ছুটি পেলে তোমরা অবশ্যই গ্রামে তাদের কাছে ছুটে যাবে। দাদা-দাদি, নানা-নানি ছাড়াও চাচা-চাচি, গ্রামের অন্যান্য প্রতিবেশীদের সাথে মিশবে, সাথীদের সাথে খেলবে, ঘুরবে। দেখবে গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য।
“এই সব না দেখলে তোমরা বঞ্চিত হবে গ্রামবাংলার প্রকৃত রূপ থেকে, বাংলার প্রাণ থেকে। কারণ এগুলোই আমাদের শিকড়, বেঁচে থাকার মূল উপজীব্য।”
“কম্পিউটারে একটা ক্লিক বিশ্বের সব তথ্য মুহূর্তে তোমাদের সামনে হাজির করছে। আমাদের সময় এ ছিল কল্পনাতীত, অবিশ্বাস্য। আমি চাই, তোমরা এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে,” আশা রাখেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।
এর আগে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।
