খালেদার বক্তব্যের ‘নিন্দা প্রস্তাব’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ‘নিন্দা প্রস্তাব’ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
নিন্দা প্রস্তাবে বলা হয়, “সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে অসত্য ও মনগড়া কথা বলেছেন। একই দলের আরেক নেতা শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জঘণ্য ভাষায় মন্তব্য করেছেন।”
“এই অধিবেশন মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকে নিয়ে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”
একইসঙ্গে 'ভবিষ্যতে যাতে কেউ মুক্তিযুদ্ধ, যুদ্ধে শহীদ, শহীদ বুদ্ধিজীবী ও সম্ভ্রম হারানো নারীদের নিয়ে কোনো মিথ্যাচার করতে না পারে' সেজন্য অধিবেশন থেকে মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ আইন প্রণয়নের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
এরপর ২৫ ডিসেম্বর খালেদার ওই বক্তব্যে সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা জরিপ করে দেখতে বলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মরেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
তাদের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং খালেদার নামে আদালতে দুটি মামলাও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট মিলনায়তনে উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে ‘কলেজ শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক একক এজেন্ডা নিয়ে ওই বিশেষ সিনেট অধিবেশন শুরু হয় সকাল ১০টায়।
অধিবেশনে সিনেট সদস্য অধ্যাপক শরীফ এনামূল কবির, সিরাজ উদ্দীন আহমেদ, রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, অধ্যক্ষ মো. আবুল ফতেহ, অধ্যাপক শাহ সাজেদা, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান ও অধ্যাপক আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।
এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আসলাম ভূঁইয়া ও অধ্যাপক মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।
