২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সদের পদোন্নতি ও নতুন নিয়োগের দাবি

ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণিতে ও ঊর্ধ্বতন পদমর্যাদায় কর্মরতদের প্রথম শ্রেণিতে পদোন্নতি এবং ১০ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করা দাবি জানিয়েছে নার্সিং কলেজের শিক্ষকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 03:19 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি বাংলাদেশ বেসিক নার্সিং কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন (বিবিএনসিটিএ) এ দাবি জানায়।

লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব গুলশান আরা বিশ্বাস বলেন, ডিপ্লোমাপ্রাপ্ত নার্সদের দ্বিতীয় শ্রেণী এবং ঊর্ধ্বতন পদমর্যাদায় কর্মরতদের প্রথম শ্রেণিতে নিয়মিতকরণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদায়ন সমস্যার যুগান্তকারী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ অনুযায়ী নার্সিংয়ের নয়টি পদ প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা।

“অথচ দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৫ সালের ৪ মে জারিকৃত আদেশে দেখা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না করে সম স্কেল, সমযোগ্যতা ও সমমর্যাদাসম্পন্ন দ্বিতীয় শ্রেণির সাতটি পদকে বাদ দিয়ে শুধুমাত্র দুটি পদের পদোন্নতি দেয়।”

এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানালে সঙ্কট আরও গভীর হয়েছে দাবি করে তিনি বলেন, ৮ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয়ের সভায় দ্বিতীয় শ্রেণির সাতটি পদকে প্রথম শ্রেণিতে উন্নীত না করে সিনিয়র স্টাফ নার্সদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন করে সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়।

এর ফলে নার্সিং শিক্ষা ও সার্ভিসে প্রচণ্ড সঙ্কট, বিশৃঙ্খলা, প্রশাসনিক জটিলতা ও অসন্তোষ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন গুলশান আরা।

তার অভিযোগ, ১৯৯২ সাল থেকে নার্সিং সেবা পরিদপ্তরের পরিচালক পদ খালি রাখা হয়েছে। দীর্ঘ সময় প্রশাসন, শিক্ষা ও সার্ভিসে উচ্চতর খালি পদে পদোন্নতি দেওয়া হয়নি।

সর্বোচ্চ পদ পরিচালকসহ সব নার্সিং কর্মকর্তাদের ভারপ্রাপ্ত, চলতি দায়িত্ব, নিজ বেতনে ও প্রেষণে ঊর্ধ্বতন পদসমূহে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পাশাপাশি ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানান গুলশান আরা।