২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতার মন্ত্রে আশা দেখালেন সৈয়দ হক

সাহিত্যের দ্বার বেয়ে সবার মাঝে সহস্র বছর বেঁচে থাকার আকুতির কথা বললেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক; শোনালেন আশাবাদী হয়ে ওঠার মন্ত্র।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

জন্মদিন উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে জীবনের নানা অধ্যায়, আর বেঁচে থাকার মন্ত্র শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন আশি বছর পূর্ণ করা এই লেখক।

কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোটগল্পসহ সাহিত্যের নানা শাখায় বিচরণকারী সৈয়দ হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে।

অনুষ্ঠানে তিনি বলেন, “আশি বছর পার করে এখনও দাঁড়িয়ে আছি, এটা আমার এক ধরনের অহঙ্কার। এ অহঙ্কার আমার লেখায়-অস্তিত্বে।”

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে লেখক বলেন, “এখনও অনেক লেখার বীজ মাথায় আসে। কিছু শেষ করলে নতুনভাবে এসে হাজির হয়।”

সেই লেখালেখির বীজ সবার মধ্যে ছড়িয়ে দিয়ে অনাগত প্রজন্মের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেন সৈয়দ হক।

“আপনাদের সবাইকে নিয়ে সহস্র বছর বেঁচে থাকতে চাই। আমি একা নই, আপনারাও থাকবেন। কারণ, মানুষ চলে গেলেও তার দীর্ঘছায়া এই মাটিতে থেকে যায়। মানুষ চলে যায়, তার কাজ থেকে যায়। মানুষ চলে যায়, তার স্বপ্ন থেকে যায়।”

সৈয়দ হকের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জলেশ্বরীর জাদুকর’ শিরোনামে সংকলনের ওই প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে কথাপ্রকাশ প্রকাশনী।

কবি গোলাম কুদ্দুসের লেখা একটি কবিতার ‘তোমাদের জন্ম হয়, তোমাদের জন্মদিন আসে, আমাদের জন্ম নেই, জন্মদিন আসে না’ পঙক্তি দুটি উচ্চারণ করে সৈয়দ হক বলেন, “যাদের জন্মদিন নেই, সারাজীবন তাদের কথা বলার চেষ্টা করেছি।”

“সামান্য ও সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করেছি। আমার জন্মভূমিকে ভিত্তি ধরে তার সঙ্গে অন্য অনেক বিষয়কে যোগ করেছি।”

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসা মানুষদের ভালোবাসায় ‘প্লাবিত ও অভিভূত’ হওয়ার কথা জানাতে ভোলেননি এই সব্যসাচী লেখক।

এরপরই বললেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আশাবাদী, আমাকে কেউ হতাশ করতে পারেনি; অনুতাপ স্পর্শ করতে পারেনি। নিজেকে বলি, বড় সুন্দর সময়ে আমি এসেছি।”

কথায় কথায় নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, “আমি দেশ, মাটি, মা ও বাংলা ভাষার দাস হয়ে থাকতে চাই।”

পরের বাক্যেই এল আহ্বানে ফুটে উঠল দেশের প্রতি কৃতজ্ঞতা।

“সকলে প্রতি আহ্বান থাকবে- এই দেশ, এই মানুষ, এই স্বপ্ন এবং এই মাটি থেকে যেন কখনই বিচ্যুত না হই। কখনই যেন আমাদের সন্তানদের এই মাটি থেকে বিচ্যুত না করি। শহীদদের রক্তস্নাত এই বাংলার মাটি-মানুষকে ধরেই যেন বেঁচে থাকতে পারি।”

লালনের মতো ১১৬ বছর বেচে থাকার আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, “২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের জন্মের সুবর্ণ জয়ন্তী দেখে যেতে চাই।”

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন থেকে সৈয়দ হকের সঙ্গে আমার পরিচয়। আমি তার চেয়ে দুই বছরের বড় হলেও মধুর দোকানে আমাদের আড্ডাটা দারুণ জমত। সেখান থেকেই তার মতো অনেকের সৃষ্টিশীলতার প্রকাশ আমরা দেখেছিলাম।”

বাংলাদেশে নাট্য আন্দোলনের সূচনা করার ক্ষেত্রে সৈয়দ শামসুল হকের অবদানের কথা স্মরণ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “যত শুভেচ্ছা একসঙ্গে নিবেদন করা যায়, তার সবটুকু আমি তার কাছে সমর্পণ করলাম।”

আবুল মুহিত বলেন, “কলকাতায় থিয়েটার জনপ্রিয় হলেও সে সময় আমাদের এখানে নাট্য আন্দোলন সেভাবে সফল হতে পারেনি। আমার মতে ওর বড় কৃতিত্ব হলো, এদেশের নাট্য আন্দোলন ও চর্চা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন আমাদের নাট্যচর্চার যে বড় পরিসর আছে, তার শুরুটা ওই হাত দিয়েই হয়েছিল।”

বিশ্ববিদ্যালয় জীবনের জুনিয়র এই বন্ধুর লেখনীর প্রশংসায় অর্থমন্ত্রী বলেন, “তার লেখনী অনন্তকাল পর্যন্ত চলবে। আশি বছর বয়সেও সে অনেক তরুণ। এটা তার চলাফেরা এবং লেখনী দুটোতেই। তার সৃজনশীলতার দিন এখনও শেষ হয়ে যায়নি।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “তার অসাধারণ রচনা ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকে আমি সারাজীবন অভিনয় করেছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে অন্তত এক লাখ বার আমি এর প্রারম্ভিক অংশটুকু আবৃত্তি ও আব্বাস চরিত্রে অভিনয় করেছি।”

“যতবারই নাটকটির সঙ্গে গিয়েছি, ততবারই নিজেকে, নিজের চরিত্রকে ও লেখককে নতুনভাবে আবিষ্কার করেছি। যার ভাব একদিনে বোঝা সম্ভব নয়।”

নাটকের ‘আকালের এই সময়ে’ বেশি পরিমাণে নাটক লেখতে সৈয়দ হকের প্রতি আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, “নাটকের মানুষ হিসাবে বলছি, রবীন্দ্রনাথের পর এতো বড় নাট্যকার বাংলা ভাষায় জন্মেছে কি-না সন্দেহ আছে।”

অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বাংলা সাহিত্যকে তিনি অনেক দিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বলতে পারব না। তবে এই জলেশ্বরীর জাদুকর গ্রন্থের পেছনে তার বইয়ের যে তালিকা দেওয়া হয়েছে, তা দিয়েই একটি গ্রন্থ হয়ে যায়।”

“সাহিত্যের এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, স্মৃতিকথা সবকিছু লিখেছেন। প্রতিটি ক্ষেত্রেই তার মৌলিকতা ভাস্বর।

সৈয়দ হকের বক্তব্যে ‘বাংলা ভাষার দাস হয়ে থাকতে চাই’ উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, “তিনি বাংলাভাষার দাস নয়, বরং বাংলাভাষার বরপুত্র হিসাবে তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখবে বাঙালি।”

“আজকের অনুষ্ঠানে সবকিছুর মধ্যে যে আন্তরিকতা তাতে সবার একটাই আকাঙ্ক্ষা, ‘সাহিত্যের রূপকার হিসাবে আমাদের অনেক কিছু দিয়ে যান।’”

তিনি আরও বলেন, “আশি বছর স্পর্শ করা তাৎপর্যময় সময়। এই আশি বছর বৃথা যায়নি এটা তাকে বারববার করে বলে আশ্বস্ত করতে চাই। সৃষ্টিশীলতা, তীক্ষ্ণতা ও সচেতনা বজায় থাকুক, এই প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে সৈয়দ হকের সহধর্মিনী কথাসাহিত্যক আনোয়ারা সৈয়দ হক হাস্যরসাত্মক বক্তব্য দেন।

তিনি বলেন, “তিনি (শামসুল হক) ১১৬ বছর বাঁচতে চান, কিন্তু এতো বছর বাচলে তাকে চা-কপি বানিয়ে দেবে কে, ডাক্তার দেখাবে কে?”

“তিনি ১১৬ বছর বাঁচলে তো আমাকেও বাঁচতে হবে। তখন তো আমাদের ক্রেনে তুলে নিয়ে আসা-যাওয়া করাতে হবে।”

জীবনসাথীর জন্য শুভকামনা জানিয়ে এই কথাসাহিত্যিক বলেন, “তার মাথায় যা আছে, তা পাঁচশ বছরেও শেষ হবে না। সুতরাং তাড়াতাড়ি যা করা সম্ভব তা করে ‘গুডবাই’ বলে চলে যেতে হবে।”

প্রতিবছর জন্মদিনে নিজে লুচি আর আলুর দম খাওয়ালেও এবার এই আয়োজন ভিন্নমাত্রায় ধরা দিয়েছে বলে জানান আনোয়ারা সৈয়দ হক।

সংকলনের প্রধান সম্পাদক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “বাংলা সাহিত্যে এই মুহূর্তে সবচেয়ে সৃষ্টিশীল ও বৈচিত্র্যময় লেখক হচ্ছেন সৈয়দ শামসুল হক। মেধা আর মননের উজ্জ্বলতায় আশি বছরেও তাকে মনে হয় যেন ২০ কিংবা ২২ বছরের তরুণ।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন। অন্যদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, নাট্যজন আতাউর রহমান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, কথাশিল্পী আনিসুল হক বক্তব্য দেন অংশ নেন।

এর আগে বাংলা একাডেমির সাজানো ওই মিলনায়তনে ঢাকের বাদ্য আর দুটি ছোট্ট শিশুর পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠান মঞ্চের প্রজেক্টরে ভেসে উঠে সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’, সঙ্গে ছিল এর আবৃত্তি।

অনুষ্ঠানে প্রদর্শন করা হয় সৈয়দ হকের জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। কবিকে উপহার দেওয়া হয় তাকে আঁকা একটি প্রতিকৃতি।

কবির বর্ণাঢ্য জীবন ও সৃষ্টির মূল্যায়নমূলক গ্রন্থটিতে অন্তর্ভুক্ত হয়েছে দুই বাংলার ১১০ জন খ্যাতিমান লেখকের লেখা।

এসব লেখায় ১৭টি বিভাগের সৈয়দ শামসুল হকের সৃষ্টিসমূহের সামগ্রিক বিশ্লেষণ করা হয়েছে।

রচনাগুলোয় তুলে ধরা হয়েছে তার কবিতা, ভাষাকৃতি, নাট্য পর্যালোচনা, চলচ্চিত্র ও সঙ্গীত, প্রবন্ধ-নিবন্ধের বিশ্লেষণ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত সৃষ্টিকর্মের আলোচনা, অনুবাদ, আলাপনসহ নানা বিষয়। এসবের সঙ্গে সংযুক্ত হয়েছে কবির যাপিত জীবনের নানা সময়ের আলোকচিত্র।

শামসুজ্জামান খানের সঙ্গে বইটির সম্পদনায় আরও ছিলেন জাকির তালুকদার ও পিয়াস মজিদ। কথাপ্রকাশ প্রকাশনীর এই বইয়ের মূল্য ১০০০ টাকা।