২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারের শেষ দিনে আরেক এমপিকে সতর্ক করেছে ইসি

পৌর ভোটের প্রচারে প্রার্থীর পক্ষে প্রচারণা করে বিধিলঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

একই সঙ্গে রায়গঞ্জ পৌরসভার সরকারদলীয় মেয়র প্রার্থী আবদুল্লাহ আল পাঠানকেও সতর্ক করা হয়েছে।

পৌর ভোটের প্রচারের শেষ দিন সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সাংসদ ও প্রার্থীকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।”

ইসি কর্মকর্তারা জানান, এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

Image
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন

ইতোমধ্যে বরগুনার দুই সাংসদকেও এভাবে সতর্ক করে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। এ পর্যন্ত অন্তত ছয়জন সাংসদকে সতর্ক ও শোকজ করা হল।

ইসি সচিব জানান, পক্ষপাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে সকালে ময়নমসিংহের ফুলপুর থানার ওসি মাজহারুল হককে প্রত্যাহার করা হয় বলে জানান ইসির উপ সচিব সামসুল আলম।

পক্ষপাতের অভিযোগে এ নিয়ে আটজন ওসি প্রত্যাহার করল ইসি।

আরও ৩৬টি অভিযোগ খতিয়ে দেখতে চিঠি

সোমবার ভোটের প্রচারের শেষ সময়ে এসে অন্তত ২০ রিটার্নিং কর্মকর্তার কাছে বিধি লঙ্ঘন ও অনিয়ম যাচাই করে দেখার জন্যে গণমাধ্যমে প্রতিবেদন-লিখিত অভিযোগের চিঠি পাঠিয়েছে ইসির মনিটরিং কমিটি।

ইসির উপ সচিব রকিউদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

খোকসা (তিনটি), হাতিয়া, শৈলকূপা, নরসিংদী, সাভার, সরিষাবাড়ি, চান্দিা, রামগতি, চৌদ্দগ্রাম, মাদবদী, লালমনিরহাট, গোবিন্দগঞ্জ, নাচোল, কলাপাড়া, রায়পুর, নরসিংদী, শাহজাদপুর, কেশবপুর, মৌলভীবাজার, নাটোর, কলাপাড়া, বরগুনা, বিরামপুর (দুটি) রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়।

এছাড়া শরীয়তপুর, জামপালপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, ঝিনাইদহ, কুমিল্লা, টাঙ্গাইল, বরগুনা, ফরিদপুর ও জয়পুরহাট পুলিশ সুপারকে সংঘর্ষ-হামলার বিষয়ে খতিয়ে দেখতে বলেছে ইসি।

এ নিয়ে পৌর ভোটের ১১৪টি অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হল, যার অধিকাংশেরই সত্যতা পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তারা জানান। এ নিয়ে সমালোচনার মুখে রয়েছে ইসি।