২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের জেলায় সংবর্ধিত আইনজীবী মনজিল মোরসেদ

বিভিন্ন জনস্বার্থ মামলা করে আলোচনায় আসা জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদকে তার নিজ জেলা ঝালকাঠিতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার ঝালকাঠি প্রেস ক্লাব এই সংবর্ধনার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যার প্রতিষ্ঠাতা সভাপতি মনজিল।

জনস্বার্থে ঢাকার চার নদীর মামলা, লালবাগের কেল্লা, মহাস্থানগড় ও সুচিত্রা সেনের বাড়ি রক্ষার মামলাসহ বিভিন্ন মামলা করে আদালতের রায় পেয়েছেন এই আইনজীবী।

এর স্বীকৃতি হিসেবে সরকারের দেওয়া জাতীয় পরিবেশ পদক-২০১৫ পেয়েছেন মনজিল মোরশেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বক্তব্য রাখেন।

Image
আইনজীবী মনজিল মোরসেদ

আইনজীবী মনজিল মোরসেদ

এছাড়া ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে মনজিল মোরসেদ বলেন, "আমার দায়ের করা রিটের কারণে অনেক প্রভাশালী মহল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভূমিদস্যু ও পরিবেশ ধ্বংসকারীরা বাধাগ্রস্থ হয়েছে এবং নানাভাবে আমাকে ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকি দিচ্ছে।"

“তবে অনেকে আমার কাজে খুশি হয়ে উৎসাহ ও সংবর্ধনা দিচ্ছে। তাই আমি আমার কাজ চালিয়ে যাব-কোনো হুমকিতে থামব না।”

সংবর্ধনা শেষে সংগীত শিল্পী তমা খন্দকার ও ঢাকার জাগো আর্ট সেন্টারের নৃত্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।