দেশের কল্যাণে ক্যাডেটদের পাশে থাকতে রাষ্ট্রপতির আহ্বান
দেশ ও মানুষের কল্যাণে প্রাক্তন ক্যাডেটদের কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিণত করা। সে লক্ষ্যে সরকার ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ গ্রহণ করেছে। এই ভিশন বাস্তবায়নে প্রাক্তন ক্যাডেটরা অবদান রাখতে পারেন।
শনিবার বিকেল ৩টায় সিলেট ক্যাডেট কলেজ মাঠে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অথনৈতিক স্বর্ণিভরতা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া। তারই আদর্শ ও স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচি রয়েছে।
“প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে প্রাক্তন এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
দেশের ক্যাডেট কলেজগুলো গুণগত শিক্ষা প্রদানের আদর্শকেন্দ্র উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, “প্রচলিত কারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিভিন্ন কার্যক্রম এখানে গ্রহণ করা হয়। শরীরচর্চা, খেলাধুলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ জ্ঞান বিজ্ঞানের সর্বশেস আলোচনা শিক্ষার্থীদের চৌকষ করে গড়ে তুলে।”
বক্তব্যে ক্যাডেটের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওকাস সভাপতি শাহনূর আলম, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার সাইফুর রহমান।
এর আগে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।
