ভাগ্য বদলে কাজ করুন: নারী বিচারকদের স্পিকার
সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের নারীদের ভাগ্য পরিবর্তন এবং সুন্দর, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে নারী বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নারী বিচারকদের উদ্দেশে স্পিকার বলেন, “আসুন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশের নারীদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করি এবং একটি সুন্দর, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ি, যেটা আমাদের সংবিধানের অঙ্গীকার। আমরা যেন সেটা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করি।”
কর্মক্ষেত্রে নারীর নানা ধরনের প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের সেই প্রতিবন্ধকতাগুলো নিজেদেরকেই উত্তরনের পথ খুজে বের করতে হবে। তার মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে।”
নারী বিচারকদের নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে শিরীন শারমিন তাদের সংখ্যা বাড়াতে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে কাজ করার তাগিদ দেন।
জাতীয় সংসদকেও নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, কেননা সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা এবং স্পিকারও নারী।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা সংগঠনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।
উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও হাই কোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা।
স্বাগতে বক্তব্যে অ্যাসোসিয়েশনের মহাসচিব উম্মে কুলসুম বলেন, ১৯৯০ সালের ২৯ ডিসেম্বর ৪০ জন নারী বিচারককে নিয়ে সংগঠনের যাত্রা শুরু, ২৫ বছরের সফল অগ্রযাত্রায় এই সংখ্যা ৩৬০ জনে উন্নীত হয়েছে, যা প্রতিষ্ঠালগ্নের নয়গুণ ও কর্মরত মোট বিচারকের প্রায় শতকরা ১৯ ভাগ।
সংগঠনের সহ-সভাপতি হোসনে আরা আকতারের সঞ্চালনায় সম্মেলনে এরপর বিভিন্ন জেলা থেকে আগত নারী বিচারকরা কর্মক্ষেত্রে সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
উচ্চ আদালতে বিচারক নিয়োগে মহিলা বিচারকদের জন্য কোটা নির্ধারণের জন্য অনুরোধ জানান নাটোরের জেলা ও দায়রা জজ লুৎফা বেগম।
শিশু আইনের জটিলতার কথা তুলে ধরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা জজ মাফরুজা পারভীন কোনো অতিরিক্ত জেলা জজের ওপর শিশু আদালতের ভার অর্পন না করে পৃথক শিশু আদালত গঠনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
মাকিগঞ্জের চিফ জুডিয়শিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নিগার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ‘মামলাজটের’ কথা তুলে ধরে ট্রাইব্যুনালে নতুন পদ সৃজন প্রক্রিয়া তরান্বিত করার আহ্বান জানান।
নাটোরের যুগ্ম জেলা জজ ইশরাত জাহান বিচার প্রশাসনে মাতৃত্ব যেন যোগ্যতা এবং পদায়নের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় সে আহ্বান জানান।
পাবনা জেলা জজ আদালতের বিচারক শাহনাজ নাসরিন খান ‘ব্রেস্ট ফিডিং জোন’ এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সরকারি বৃত্তির মাধ্যমে দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান কুমিল্লা জেলার সহকারী জজ মৈত্রী ভট্টাচারর্যগ।
নারী বিচারকদের এসব বক্তব্যের প্রেক্ষিতে দেশের প্রথম নারী স্পিকার শিরীন বলেন, “আমি মনে করি, যেসব বিষয় আপনারা উপস্থাপন করেছেন, যেখানেই আমার সুযোগ আছে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলব।”
