২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে সেমিটিক দুই ধর্মের প্রবর্তকের জন্মদিন

ইতিহাসের বিরল ঘটনা হিসাবে সেমিটিক ধর্মের দুই শাখা ইসলাম ও খ্রিস্টান ধর্মের প্রবর্তকদের জন্মদিন একই তারিখে মিলিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 10:06 AM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শুক্রবারের এই দিনটিকে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সাদৃশ্য চর্চার ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে দেখছেন ধর্মতাত্ত্বিক ও দুই ধর্মের অনুসারী অনেকেই।

যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বরকে ‘বড়দিন’ হিসাবে পালন করেন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়। তিনি ইসলাম ধর্মে হযরত ঈসা (আ.) নামে পরিচিত।   

হিজরি সালের রবিউল আওয়াল মাসের ১২ তারিখ (৫৭০ খ্রিস্টাব্দ) হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালিত হয় সারা বিশ্বের মুসলিমদের কাছে। ৬২ বছর বয়সে একই তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

বর্ষচক্রের পরিক্রমায় বাংলাদেশে ২০১৫ সালে ২৫ ডিসেম্বর বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী এক সঙ্গে পালন করছে দুই ধর্মের মানুষ।

আরব ভূমির সেমিটিক জাতির মধ্যে থেকেই বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্ম- ইহুদি, খ্রিস্টান ও ইসলামের উৎপত্তি। সাতশ কোটি জনসংখ্যার এই বিশ্বে অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনুসারী।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কাজী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে কবে একই দিনে দুটি সেমিটিক ধর্মের প্রবক্তার জন্মদিন পালিত হয়েছিল তা হিসাব করে দেখার বিষয়।

“মানুষের কল্যাণে ধর্মগুলোর শিক্ষা যে অভিন্ন, সেই বিষয়টি এই দিনে প্রচার-প্রচারণা প্রয়োজন। আন্তঃধর্মীয় সম্প্রীতির বার্তা এবং অন্য ধর্মের মানবতাবাদী বাণীগুলো আমাদের অনুধাবন করতে হবে।”

যিশু খ্রিস্ট কুমারী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন বলে বাইবেলে উল্লেখ রয়েছে, সেকথা আছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনেও।

“আরও অসংখ্য বিষয়ে দুই ধর্মের শিক্ষায় মিল রয়েছে। এসব শিক্ষার চর্চার মাধ্যমে সমাজে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা হতে পারে,” বলেন অধ্যাপক নুরুল ইসলাম।

চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে ১২ রবিউল আওয়াল শুক্রবার হলেও আরব ও ইউরোপের বিভিন্ন দেশে মিলাদুন্নবী পালিত হয়েছে বড় দিনের এক দিন আগে।

ক্যাথলিক কালচার ডট অর্গ নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ইতিহাস বদলে দেওয়া এই দুই পয়গম্বরের জন্মদিন এভাবে একসঙ্গে পালিত হয়েছিল সর্বশেষ ১৫৫৮ সালে। 

অক্সফোর্ডের আন্তঃধর্মীয় নেতারা দিনটি উদযাপন করেছেন বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে।   

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্ম যাজকসহ বিভিন্ন মতবাদের ওপর চলা আক্রমণের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, “আন্তঃধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে আবহমান কাল থেকে বাংলাদেশের খ্যাতি রয়েছে। কিন্তু সম্প্রতি দুঃখজনকভাবে খ্রিস্টান, শিয়া সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে, যা জাতি হিসাবে আমাদেরকে লজ্জিত করে।”

বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণীতে দুই ধর্মের অনুসারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও সরকারপ্রধান শেখ হাসিনা।

ঈদ-ই মিলাদুন্নবীর বাণীতে রাষ্ট্রপতি বলেন, তৎকালীন আরব সমাজের অনাচার, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে মহানবী হযরত মুহাম্মদ (স.) স্থাপন করেছেন সত্য, সাম্যসহ ন্যায়ভিত্তিক সুন্দর সমাজব্যবস্থা। 

বড়দিনের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মানবজাতির মুক্তির লক্ষ্যে এ পৃথিবীতে মহামতি যিশু খ্রিস্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগ-তিতিক্ষা সহ্য করে খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন তিনি।

বাংলাদেশের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয় সম্প্রীতি চর্চার আহ্বান জানান রাষ্ট্রপতি।

ঈদ-ই মিলাদুন্নবীর বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মহানবী (স.)। তিনি বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজগঠন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন। 

বড়দিনের বাণীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।