২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারিনাকে হেনস্তা করেছে বাংলাদেশ: পাকিস্তান

জঙ্গি যোগসাজশের অভিযোগ ওঠার পর কূটনীতিক ফারিনা আরশাদকে ঢাকা থেকে ফিরিয়ে নিলেও পাকিস্তান বলছে, তাদের এই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারিকে ফিরিয়ে নেওয়ার পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে ফারিনাকে ধারাবাহিকভাবে ‘হেনস্তার’ জন্য বাংলাদেশকে দায়ী করা হয়।

ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনারকে দুইবার তলব করে পাকিস্তান সরকার তার প্রতি আচরণের প্রতিবাদ জানায় বলেও এতে বলা হয়।

Image
ফারিনা আরশাদ

ফারিনা আরশাদ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারিনার বিরুদ্ধে জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার তার প্রতিবাদ জানান। এরপর তাকে প্রত্যাহার করা হয়।

জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ।

এক সময় পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ইদ্রিস ঢাকার হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে পাকিস্তান হাই কমিশনের ফারিনার সঙ্গে যোগাযোগ ও তার কাছ থেকে টাকা পাওয়ার তথ্য দেন।

ফারিনার সঙ্গে পরিচয়ের বিষয়ে ইদ্রিস বিচারককে বলেন, তিনি ২২ বছর পাকিস্তানে কাটিয়ে বাংলাদেশে ফেরার পর এয়ার টিকেটিং ও ভিসা প্রসেসিংয়ের ব্যবসা শুরু করেন। পরে তার সঙ্গে বাবুল নামের একজনের পরিচয় হয়, যার মাধ্যমে যোগাযোগ হয় কামাল নামের আরেকজনের সঙ্গে। কামাল তার কাছে নিজেকে ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক’ বলে পরিচয় দিয়েছিলেন।

ঘনঘন টিকেট করিয়ে দেওয়ার কারণে বাবুলের কাছে তার অনেক টাকা বাকি পড়ে। এক পর্যায়ে বাবুল পাকিস্তানে চলে যান। সেখানে গিয়ে তিনি ফারিনা আরশাদের মোবাইল নম্বর দেন। বাবুলের মাধ্যমেই মূলত ফারিনার সঙ্গে পরিচয় হয় বলে জবানবন্দিতে জানান ইদ্রিস।

তিনি বিচারককে বলেন, একবার ৩০ হাজার টাকা দিতে এসে ফারিনা একটি ম্যাজেন্টা রংয়ের গাড়ি নিয়ে বায়তুল মোকাররম থেকে তাকে ফকিরাপুলে নামিয়ে দেন।

পুরনো খবর:

জঙ্গি যোগসাজশ: সেই কূটনীতিককে ফেরত নিল পাকিস্তান