‘তার পক্ষে এই বক্তব্য কিছুই নয়’
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেছেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের যিনি মন্ত্রী করেছেন তার পক্ষে এই বক্তব্য দেওয়া তেমন কোনো বিষয় নয়।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাসেত মজুমদার।
তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) যখন ক্ষমতায় গিয়েছিলেন, সেসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও যারা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি তাদেরকে মন্ত্রী বানিয়ে স্বাধীনতার পতাকা তাদের গাড়িতে দিয়ে ঘুরিয়েছেন। যে ব্যক্তি এই কাজ করতে পারে ক্ষণে ক্ষণে ওই সব বক্তব্য দেওয়া তার পক্ষে কিছুই না।”
যুদ্ধাপরাধে গত মাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একাত্তরের বদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। যুদ্ধাপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক জামায়াত নেতা মতিউর রহমান নিজামীও খালেদা জিয়া নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ছিলেন।
খালেদা জিয়ার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের চেয়ারম্যান সাংসদ আবুল কালাম আজাদ বলেন, “আজ বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক ও শহীদ কত হয়েছে তা নিয়ে যিনি এই বিতর্ক তুলছেন তার স্বামী তো বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়েই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।”
তিনি বলেন, “যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃত করতে চান, মুক্তিযুদ্ধকে বির্তকিত করতে চান, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছেন এটা নিয়ে কথা বলতে চান, সেসব দলের বীর প্রতীক, বীর বিক্রম, বীর উত্তম যাই থাকুক তাদের উপাধিসমূহ কেড়ে নিতে হবে।”
খালেদা জিয়ার বক্তব্য নিয়ে বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি আবদুন নূর দুলাল বলেন, “উনি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সম্পর্কে কটূক্তি করেছেন, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেছেন। কেউ কেউ বলছেন, উনার মস্তিষ্কবিকৃতি হয়েছে, কেউ কেউ বলছেন উনি খাদ্যোক্তি থেকে এসব করছেন। কিচ্ছু সত্য নয়।
“উনার মস্তিষ্ক ঠিক আছে। উনার যা করার উচিত, উনার যেভাবে জন্ম হয়েছে, উনার রাজনৈতিক দর্শন যা উনি সেই কথাই বলছেন। একেবারে ঠাণ্ডা মাথায় বলছেন।
“উনি বিকৃত মস্তিষ্কে বলছেন একথা আমি বলছি না। একেবারে ঠাণ্ডা মাথায় উনি বলছেন। উনি ক্ষমা চাইবেন না, ক্ষমা কীভাবে চাওয়াতে হবে সেটাই ব্যবস্থা করতে হবে আমাদের।”
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, দেশীয় সংস্কৃতিক পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কর, সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়া বক্তব্য দেন।
