২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি জাতীয়করণের দাবি ইউপি সচিবদের

সরকারি তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা ও চাকরি জাতীয়করণ চান বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সচিবরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 05:35 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, সারাদেশে সচিবরা ৭৫ ভাগ বেতন সরকারি তহবিল থেকে পায় আর বাকি ২৫ ভাগ বেতন ইউপির নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়।

“অনেক ইউপিতে নিজস্ব তহবিলে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় ২৫ ভাগ বেতন নিতে পারেন না সচিবরা। ফলে সরকারি চাকরি করা সত্ত্বেও বেতন থেকে বঞ্চিত হতে হচ্ছে আমাদের।”

তাদের দাবি, ইউপি থেকে আদায় করা সব রাজস্ব সরকারি কোষাগারে জমা হোক এবং সরকারি তহবিল থেকে তাদের বেতন হোক।

সংগঠনের সদস্য সচিব মো. এমদাদ হোসেন বলেন, “২০১২ সালে স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে সচিবদের শতভাগ বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হবে। কিন্তু আজও  তা দেওয়া হচ্ছে না।”

ইউপি সচিবের এই চাকরি তৃতীয় শ্রেণির পদপর্যাদার এবং বেতন স্কেল ছিল ৫২০০ টাকা। নতুন বেতন কাঠামোতে বেতন স্কেল ১০,৫০০ টাকা হয়েছে।

আব্দুল কাদের নামে এক ইউপি সচিব বলেন, সারাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে ৪ হাজার ৫৭৩ জন সচিব রয়েছে। তাদের বেতন চতুর্দশ গ্রেডে।

দশম গ্রেড দিতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয় সংবাদ সম্মেলনে।