২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্যুটকেসে’ যুবকের লাশ, রিকশা চালক গ্রেপ্তার

ঢাকার বাসাবো এলাকায় একটি যাত্রীবিহীন রিকশা থেকে একটি স্যুটকেসের ভেতরে এক দোকান কর্মচারীর মুণ্ডুহীন লাশ পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

পরে রিকশাচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওহাব কলোনির এক বাসা থেকে নিহতের খণ্ডিত মাথাও উদ্ধার করা হয়েছে বলে মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত মো. সুমন (২৪) বাসাবোর একটি দোকানের কর্মচারী। আর আটক রিকশাচালকের নাম ওলিউল্লাহ।

আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালের দিকে আহমেদবাগে ওলিউল্লাহর রিকশায় থাকা একটি স্যুটকেস থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা রিকশা থামিয়ে স্যুটকেস খুলে লাশ দেখে পুলিশে খবর দেয়।

“রিকশাচালক ওলিউল্লাহকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাসাবো ওহাব কলোনির এক বাসায ওই যুবকের মাথা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে আমরা তার পরিচয় জানতে পারি।”

সুমন ওই বাসাতেই ভাড়া থাকতেন। তবে কারা কেন তাকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি উপ-কমিশনার আনোয়ার।

রিকশাচালক নিজেও এ হত্যাকাণ্ডে জড়িত কি-না জানতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।