২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ কেজি সোনাসহ দুই মালয়েশীয় গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি সোনাসহ মালয়েশিয়ার দুই নাগরিককে গ্রেপ্তার করেছেন শুল্ক কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

গ্রেপ্তাররা হলেন- চ্যানকক ওয়াই (২৪) ও চেন সিম শ্যাপ (৫৮)।

মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টায় তারা ঢাকা পৌঁছান বলে কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান।

তাদের কোমরের বেল্ট থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এসব সোনার আনুমানিক মূল্য তিন কোটি টাকা জানিয়ে শহীদুজ্জামান বলেন, “এই দুজন এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা ধরা পড়েননি।”

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আটকের পর এই দুই বিদেশিকে চীনা নাগরিক বলে জানিয়েছিলেন সহকারী কমিশনার শহীদুজ্জামান।

পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ড্রাঙ্কড ছিলেন। অসংলগ্ন কথা বলছিলেন। প্রথমে এদের চাইনিজ মনে হয়েছিল। পরে নিশ্চিত হয়েছি, এরা মালয়েশিয়ার নাগরিক।”