২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগের নীতিতে সমর্থন শিক্ষাবিদদের

নিয়োগ বাণিজ্য ঠেকাতে পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নেওয়ার যে পদ্ধতি সরকার ঠিক করেছে, তার বিরোধিতা সংসদ সদস্যরা করলেও সমর্থন মিলেছে শিক্ষাবিদদের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থী বাছাইয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাস নম্বর বাড়ানো এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট মাসিক বুলেটিনে সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরামর্শও দিয়েছেন শিক্ষাবিদরা।

‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা’ সংশোধনের পর পরবর্তী কার্যক্রম নির্ধারণে বুধবার শিক্ষাবিদদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ২২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধন করে। এতে শিক্ষক নিয়োগে পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব হয়ে যায়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে অধিকাংশ ক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিরা। শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া এতদিন তাদের হাত দিয়েই শেষ হত, যা নিয়ে ‘নিয়োগ বাণিজ্য’সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এখন সরকার ‘বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন’ গঠন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগে প্রার্থী চূড়ান্ত করবে। পরিচালনা পর্ষদকে কমিশনের দেওয়া মেধাক্রম অনুযায়ী নিয়োগ দিতে হবে।

নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় গত ২২ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রেখেছে সরকার।

বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৭৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর এমপিও পাচ্ছেন ২৮ হাজার ৩৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এমপিও বাবাদ শিক্ষা মন্ত্রণালয়কে বছরে আট হাজার ২৫০ কোটি টাকা খরচ করতে হয়; যা শিক্ষা মন্ত্রণালয়ের মোট বাজেটের ৭০ শতাংশ।

এ পর্যন্ত ছয় লাখ প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের মধ্যে ৬৪ হাজার ৩২২ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৬ লাখ প্রার্থীর কোনো মেধা তালিকা নেই জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বলেন, তবে তাদের সনদে প্রাপ্ত নম্বর উল্লেখ রয়েছে।

“মেধা তালিকা প্রণয়ন না করায় ফলে শিক্ষক নিয়োগে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। নিয়োগ পাওয়াদের অনেকেই ভালোমতো কথাও বলতে পারেন না। তাদের মান নিয়েও প্রশ্ন ওঠে।”

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে এই মতবিনিময় সভার শুরুতে এই কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের মধ্যে শিক্ষকদের শূন্য পদের সংখ্যা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। কমিশন চাহিদানুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করবে।

এর আগে যারা নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের উদ্যোগ বাস্তবায়ন হলে দুর্নীতিসহ অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন অধ্যাপক আনিসুজ্জামান।

তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও যারা চাকরি পাবেন না তাদের কি হবে সেই প্রশ্নও তোলেন তিনি।

ভালো প্রার্থী বাছাইয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ বা ৭০ শতাংশ করার দাবি জানান অধ্যাপক এনামুল হক।

অনেক সময় কম বিক্রিত পত্রিকায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে মাসিক বুলেটিং বের করতে পারে। সেই বুলেটিনে সব নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে, সবাই তা দেখতে পারবেন।

শিক্ষক নিয়োগ বিপুল নিয়োগ বাণিজ্য চলে দাবি করে অধ্যাপক এনামুল বলেন, নিয়োগপ্রাপ্ত শিক্ষককে ১৫ বছর পর্যন্ত তিন বছর পর পর মান নিয়ন্ত্রণ পরীক্ষায় বসানো উচিত।

অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যদ সংস্কারের দাবি জানান।

বর্তমানে একজন সংসদ সদস্য তার নির্বচানী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতি হতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশীদ বলেন, এমপিরা নিজে চারটি প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার পর অন্য প্রতিষ্ঠানে তার স্ত্রী-শ্যালকদের সভাপতি পদে বসান।

“শিক্ষক নিয়োগ বাণিজ্য হচ্ছে, এটা বড় সমস্যা। এর দায় এমপিরা এড়াতে পারেন না।”

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সরকারের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেন, এসব বিষয় ওয়েবসাইটে প্রকাশ করে জনমত সংগ্রহ করলে ভালো হয়। এই পদ্ধতি বাস্তবায়ন করলে শিক্ষাখাতের বড় উন্নতি হবে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “যে ৩-৭ লাখ টাকা দিয়ে মাস্টার হল, সে কী আর পড়াবে? যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছে। নম্বর কমিয়ে দেবে, প্রাইভেট পড়াবে, পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দেবে। এভাবে নৈরাজ্য কী চলতে পারে?”

যেসব ব্যক্তি টাকা দিয়ে শিক্ষকতার চাকরি নেন, তিনি ওই টাকার একশ গুণ তোলেন বলেও মন্তব্য করেন অধ্যাপক আবু সায়ীদ।

অধ্যাপক মেহতাব খানম বলেন, “অভিভাবকরাও দুর্নীতির মধ্যে ঢুকে গেছে। শুধু শিক্ষক নিয়োগ নয়, এখন শিক্ষার্থী ভর্তিতেও দুর্নীতি হচ্ছে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা সরকারের নতুন উদ্যোগকে সমর্থন করতে সবার প্রতি আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আফছারুল আমীন নতুন পদ্ধতিকে সমর্থন জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগে বার বার দুর্নীতির অভিযোগ উঠছে।

“দুর্নীতি কি শুধু সংসদ সদস্যদের কলেজে হচ্ছে?...বাকি কলেজগুলোকে কি হচ্ছে না? অন্য সবাই কি ধোয়া তুলশী পাতা?”

আফছারুল বলেন, “যারা হাতে নিয়োগের ক্ষমতা সে তার ছেলে, ছেলের বৌ ও শালাকে নিয়োগ দিয়েছেন, এ রকম ঘটনাও আছে।”

সামলা নাসিরউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি আতাউল্লা মন্ডল দুর্নীতির জন্য শিক্ষা বিভাগের কর্মকর্তাদের দায়ী করেন।

“হাই স্কুলে শিক্ষক নিয়োগে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে ৪০ শতাংশ দুর্নীতি হয়।”

তার দাবি, শিক্ষক নিয়োগ পদ্ধতির পরিবর্তন করলেও গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতি কমানো যাবে না। ওইসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে।

তবে উত্তরার একটি কলেজের সভাপতি তোফাজ্জল হোসেন আতাউল্লা মন্ডলের বক্তব্যের বিরোধিতা করেন।

আরেকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতি নুরুল ইসলাম মনে করেন, নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দিলে ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিচালনা পর্যদ নিয়োগে স্বচ্ছতার দাবি জানিয়ে তিনি বলেন, “এমপিদের লিখিত চিরকুটে ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগ হয়।”

সবার বক্তব্য শুনে শিক্ষামন্ত্রী জানান, শিগগিরই শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতি বাস্তবায়ন করা হবে। সবার মতামতও তাতে প্রাধান্য পাবে।

কত দিনের মধ্যে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে- এ প্রশ্নে নাহিদ বলেন, “শুধু তৈরি করতে যা সময় লাগে। এরপরেই নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হবে।”

পুরনো খবর:

শিক্ষক নিয়োগে ‘কর্তৃত্ব হারাচ্ছে’ পরিচালনা পর্ষদ
শিক্ষক নিয়োগে ক্ষমতা খর্ব, সংসদে ক্ষোভ
এমপিদের বক্তব্য শিক্ষানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: নাহিদ