২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিদের বক্তব্য শিক্ষানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: নাহিদ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে সংসদ সদস্যদের ‘ক্ষোভ’ প্রকাশ শিক্ষা নীতি ও প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন রেখেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:06 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

তাদের ক্ষমতা ‘খর্বে’ বা বঞ্চিত করতে এ সিদ্ধান্ত নয় উল্লেখ করে তিনি শিক্ষানীতির বাইরে তিনি কিছু করছেন না বলেও জানান।

রোববার সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতি দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা ‘খর্ব’ করার প্রতিবাদে গত বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনা করে ক্ষোভ প্রকাশ করেন সরকারি জোট, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা।

এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদই শিক্ষক নিয়োগের যাবতীয় কাজ করতেন। স্থানীয় সাংসদ বা উপজেলা চেয়ারম্যানদের নেতৃত্বাধীন এসব পরিচালনা পর্ষদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে ‘নিয়োগ বাণিজ্যসহ’ বিভিন্ন অভিযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার (৪ নভেম্বর) একটি পরিপত্র জারি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়।

এতে বলা হয়, সংশোধিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা গত ২২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

ওই বিধিমালা অনুযায়ী শিক্ষক নির্বাচনে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করবে সরকার।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাতালিকা অনুযায়ী যোগ্যপ্রার্থী বাছাই করবে এই কমিশন। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্যদ।

এই বিধিমালা সংশোধন নিয়ে গত মাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “অনেক সময় স্বচ্ছভাবে নিয়োগ হয় না, স্বজনপ্রীতি হয়, উপযুক্ত লোকও নিয়োগ পায় না। অনেক সময় আর্থিক লেনদেনও হয় বলে অভিযোগ রয়েছে।”

তবে গত বৃহস্পতিবারের ওই আলোচনার সময় অধিবেশন কক্ষে ছিলেন না শিক্ষামন্ত্রী।

ওই আলোচনার প্রেক্ষিতে, শিক্ষানীতির বাইরে তিনি কিছু করছেন না বলে জাতীয় সংসদকে জানান নাহিদ।

“আমরা যেটা করছি তা স্পষ্ট করে শিক্ষানীতিতে বলা হয়েছে। শিক্ষানীতির বাইরে আমরা কিছুই করছি না।”

শিক্ষানীতিতে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন’ গঠনের কথা উল্লেখ রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এই শিক্ষানীতি সংসদে আলোচনা হয়েছে। সংসদের অনুমোদন পেয়েছে। সেখানে বলা আছে, কর্ম কমিশনের অনুরূপ বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য কমিশন গঠন করতে হবে। এর মুখবন্ধ মাননীয় প্রধানমন্ত্রী লিখে দিয়েছিলেন। সেখানে তিনি এ নীতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।”

নাহিদ বলেন, “যে আলোচনা এখানে হয়েছে তা কী শিক্ষানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ? প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ? শিক্ষা নীতিতে যা বলা আছে তার বিরুদ্ধে কথা তুলেছেন দেখে আমি বিস্মিত।”

শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা ‘খর্ব’ বা সংসদ সদেস্যদের বঞ্চিত করতে এ সিদ্ধান্ত নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “সংসদ সদস্যদের বঞ্চিত করার উদ্দেশ্যে এটা করা হয়নি। আমরা শিক্ষার সংখ্যাগত মান উন্নয়ন করেছি। এখন গুনগত মান উন্নয়ন করতে হবে।

“বই-ক্লাসরুম না থাকলেও গাছ তলায় বসে মুখে মুখে পড়া যায়; কিন্তু মানসম্পন্ন শিক্ষক না থাকলে হবে না। শিক্ষকের মান উন্নয়ন না হলে নতুন প্রজন্ম গড়ে উঠবে না।

“একজন সংসদ সদস্য ৪টি প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন। সে হিসেবে ৩৫০ এমপি ১৪০০ প্রতিষ্ঠানের প্রধান হতে পারবেন। ধরে নিলাম এই সংখ্যা তিন হাজার। আমাদের প্রতিষ্ঠান আছে ৩৬ হাজার ৭১টি। তিন হাজার বাদ দিলে থাকে ৩৩ হাজার। এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হয়।”

শিক্ষক নিয়োগ নিয়ে কিছু গণমাধ্যম ‘বিকৃত’ সংবাদ প্রকাশ করছে বলেও অভিযোগ করেন নাহিদ।

“কিছু মিডিয়া বিকৃতরূপ দিয়ে প্রচার করেছে।যে কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে।”