দেড় মাসেই রাজউকের সব পার্কিং উদ্ধার: পূর্তমন্ত্রী
ঢাকার যানজট কমাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্ধারিত পার্কিংয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আগামী দেড় মাসের মধ্যে ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার হাতিরঝিল প্রকল্প এলাকায় বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর যানজট নিয়ে নিজের ক্ষোভের কথা জানান মন্ত্রী।
রাজধানীতে গাড়ি রাখায় জায়গায় গড়ে তোলা সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “রাজউক ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে। আগামী দেড় মাসের মধ্যে রাজউক প্ল্যানের (উইথ বেজম্যান্ট অ্যান্ড পার্কিং) ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা স্থাপনা ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জায়গাগুলো আমরা অবশ্যই উদ্ধার করব।”
মোশাররফ বলেন, পার্কিংয়ের স্থান রাখার শর্তে রাজউক থেকে ভবন নির্মাণের অনুমোদন নিলেও পরে সেখানে দোকান নির্মাণ করা হয়। এটা যানজটের অন্যতম একটা কারণ।
অবৈধ দখল আর অব্যবস্থাপনাকে যানজটের জন্য দায়ী করে তিনি বলেন, “ঢাকা শহরের ট্রাফিক দিন দিন ‘ডিফিকাল্ট’ হয়ে যাচ্ছে। মানুষের ‘মুভমেন্ট’ অনেক শ্লথ হয়ে যাচ্ছে। দেখা যায়- গুলশানেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘণ্টা, দুই ঘণ্টা চলে যায়।
“দখলের কারণে সড়কগুলো সংকীর্ণ হয়ে গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী এই অবস্থার অবসান ঘটাতে নির্দেশ দিয়েছেন।”
রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে থাকা গাড়িকেও যানজটের জন্য দায়ী করে মন্ত্রী বলেন, “অনেক সময় দুই সারিতেও গাড়ি রাখা হয়। তাহলে আরেকটি গাড়ি চলবে কীভাবে?
“অনেক সময় দেখা যায়, রাস্তার ওপরে ঠেলাগাড়িতে দোকান সাজানো হয়েছে। সবজি, লাউ, মাছ বিক্রি হচ্ছে। তাহলে কী করে গাড়ি চলবে?”
অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ করে পূর্তমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে। তাহলে ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
