২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব সূচকে পাকিস্তান অনেক পেছনে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানব উন্নয়নের সব সূচকে পাকিস্তান বর্তমানে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

চট্টগ্রাম নেভাল একাডেমিতে বুধবার ‘শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বিশ্ব ব্যাংকের বিচারে বাংলাদেশের নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আজ আমাদের মাথাপিছু আয় এক হাজার ৩১৪ মার্কিন ডলার। পাঁচ কোটি মানুষ মধ্য আয়ের স্তরে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ২২ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছি।

“আমাদের রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে, বৈদেশিক কর্মসংস্থান বেড়েছে বহুগুণে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। উন্নত দেশে নিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’’

বাংলাদেশ প্রতিটি খাতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “গত চার দশকে বিভিন্ন ‍সূচকে আমরা প্রতিবেশী অনেক দেশ এমনকি ভারতকে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছি। পাকিস্তান সকল সূচকে আমাদের থেকে অনেক পেছনে।”

ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর পাকিস্তানের শাসন-শোষণের কবলে পড়ে বাংলাদেশ। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা আসে।

২০২১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি।

উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চীনে নির্মাণাধীন অত্যাধুনিক দুটি করভেট বানৌজা ‘প্রত্যয়’ ও বানৌজা ‘স্বাধীনতা’ এবং যুক্তরাষ্ট্রে তৈরি ফ্রিগেট বানৌজা ‘সমুদ্র অভিযান’ আগামী মাসে কমিশন প্রাপ্তির পর নৌবহরে যুক্ত হবে।

“সর্বশেষ দুটি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, যা আগামী বছরের মাঝামাঝি সময়ে নৌবাহিনীতে সংযোজিত হবে। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন তা পূর্ণ হবে।”

সাবমেরিন ঘাঁটি গড়ে তোলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পটুয়াখালীর রাবনাবাদ এলাকায় এভিয়েশন সুবিধা সম্বলিত নৌবাহিনীর সবচেয়ে বড় নৌঘাঁটি তৈরির কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে।

“এই একাডেমিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। মহান মুক্তিযু্দ্ধে আত্মদানকারী নৌ কমান্ডোদের অবদানকে সমুন্নত রাখতে কর্ণফুলীর মোহনায় যাদুঘর বিজয় তরঙ্গ স্থাপনের পরিকল্পনা নিয়েছি। শিগগিরই এর কাজ শুরু হবে।”

আন্তর্জাতিক আদালতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত আইনি লড়াইয়ের মাধ্যমে গভীর সমুদ্রে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকায় ‘বিপুল জলসম্পদের’ মালিকানা অর্জনের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

“এছাড়া আমাদের রয়েছে ৭২০ কিলোমিটার দীর্ঘ উপকূল এলাকা। আমাদের অর্জিত এ বিশাল সামুদ্রিক এলাকায় সমুদ্র পথে বাণিজ্য পরিচালনা ছাড়াও আছে মৎস্য, তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য মূল্যবান পদার্থ।”

সম্পদ রক্ষা এবং মানুষের জীবনমানের উন্নয়নে নৌবাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নৌবাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৫/বি ব্যাচের ২৪ জন এবং মিডশিপম্যান ২০১৪/এ ব্যাচের ৫৩ জনসহ মোট ৭৭ জন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে একজন শ্রীলঙ্কান মিডশিপম্যান আছেন। কমিশন প্রাপ্তদের মধ্যে তিন জন নারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার এবং ছয় জন নারী মিডশিপম্যান রয়েছেন।

কৃতিত্বের জন্য সাব লেফটেন্যান্ট এম রেহানুরজামান ‘শহীদ মোয়াজ্জেম পদক’, মিডশিপম্যান ফাহিম উদ্দিন সাকিব ‘সোর্ড অব অনার’, মিডশিপম্যান জাহিদ মোহসিন কবীর ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন র্স্বণপদক এবং এম রিয়াজুল ইসলাম ‘নৌপ্রধান র্স্বণপদক’ লাভ করেন।

নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আখতার হাবীব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সচিবসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।