সমতলের ‘আদিবাসীদের’ জন্যও ভূমি কমিশন চান আ ক ম মোজাম্মেল
পাহাড়ের মতো সমতলে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় আলাদা ভূমি কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “পাহাড়ের মতো সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন করতে হবে। এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি তাদের সমস্যা অনুধাবন করতে পারেন।”
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসীদের ওপর তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান হলে ওই মতবিনিময় সভার আয়োজন করে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকল্পের আওতায় আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এই তথ্যানুসন্ধান করে।
সভায় ইউএনডিপির প্রফেশনাল কনসালটেন্ট ম্যাবিলিন ম্যাসি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে সমতলের আদিবাসীদের বিভিন্ন সমস্যার মধ্যে জমি দখলকে সবচেয়ে বড় হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আইন অকার্যকর থাকা, আদিবাসীদের শিক্ষায় পিছিয়ে থাকা এবং দারিদ্রের হার বেশি বলেও এতে উল্লেখ করা হয়েছে।
‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি মোজাম্মেল হক নিজের এলাকা গাজীপুরের আদিবাসীদের পরিস্থিতি তুলে বলেন, “প্রথাগত জমির ব্যবহার ও বিনিময় প্রথা আদিবাসীদের মধ্যে প্রচলিত। তাদের কোনো দালিলিক প্রমাণ থাকে না।
“এ কারণে দেখা যায়, তাদের জমিগুলো দখল হয়ে যায়। আবার আমরা অনেকে এক বিঘা কিনে পাঁচ বিঘা দখল করেছি।”
আলাদা ভূমি কমিশন হলে সমতলের আদিবাসীদের সমস্যা বিশেষ বিবেচনায় নিয়ে সমাধান করতে পারবে মন্তব্য করে মন্ত্রী বলেন, “হিন্দু-মুসলমান বড় কথা নয়, ভূমিদস্যুরা জমি দখল করে নেয়। যারা আদিবাসী নয়, তাদের পাশাপাশি ক্ষমতাবান আদিবাসীরাও তাদের নিজেদের অধিকার আদায় না হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।”
এ জন্য প্রয়োজনে সুনির্দিষ্ট সময়ের জন্য আলাদা আইনও করা যেতে পারে বলে জানান মোজাম্মেল হক।
আদিবাসী এলাকায় ভূমি আইন প্রয়োগের ক্ষেত্রে সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন অনুষ্ঠানের সভাপতি সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।
সংসদীয় ককাসের সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “অনুসন্ধানে আমরা পেয়েছি একটি রেস্টুরেন্টে আদিবাসীদের ঢুকতে দেওয়া হয় না। ঢুকতে দিলেও ভাল কাপে চা পরিবেশন করা হয় না। এ সময়ে এসে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী, সংসদ সদস্য কাজী রোজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত।
