যুদ্ধাপরাধ: সাখাওয়াতসহ ৯ জনের বিচার শুরু
একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ নয় জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ৩১ জানুয়ারি দিন ঠিক করে দেন।
ওই দিন প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার শুনানি শুরু হবে।
নয় আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত, মো. বিল্লাল হোসেন বিশ্বাস ও মো. লুৎফর মোড়ল অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
এছাড়া মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আব্দুল খালেক পলাতক।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন
১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে ‘অভিযোগের উপাদান’ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল। ৮ সেপ্টেম্বর আদালত নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।
এরপর ২৪ নভেম্বর অভিযোগ গঠনের ওপর পক্ষে-বিপক্ষে শুনানি শেষে আদেশের জন্য ২৩ ডিসেম্বর দিন ঠিক করে দেন বিচারক।
ওইদিন প্রসিকিউটর জেয়াদ-আল মালুম ও রেজিয়া সুলতানা চমন এবং সাখাওয়াত ও বিল্লাল হোসেনের পক্ষে আবদুস সাত্তার পালোয়ান শুনানি করেন। বাকি আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
বর্তমানে জাতীয় পার্টিতে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন।
মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
পাঁচ অভিযোগ
অভিযোগ ১: যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন এবং ধর্ষণ।
অভিযোগ ২: একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তার ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা।
অভিযোগ ৩: কেশবপুরের চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন।
অভিযোগ ৪: কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন।
অভিযোগ ৫: কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন।
