যুদ্ধাপরাধ: সাখাওয়াতসহ নয় জনের অভিযোগ শুনানি ১৭ নভেম্বর
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৭ নভেম্বর।
সেইসঙ্গে নয় জনের মধ্যে পলাতক ছয় আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীও দিয়েছে আদালত।
শুনানিতে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
পরে জেয়াদ-আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধের মামলায় সাখাওয়াতসহ নয় জনের অভিযোগ গঠনের শুনানি জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনার জন্য আইনজীবী কুতুব উদ্দিন ও শুক্কুর আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।”
এ ছাড়া তিন আসামির জামিন আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর আদেশের জন্য দিন রেখেছে বলে জানান তিনি।
সাখাওয়াত ছাড়া যে আটজনের বিরুদ্ধে আদালত যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়েছেন, তারা হলেন- মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল এবং মো. আব্দুল খালেক।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে সাখাওয়াত, বিল্লাল ও লুৎফর ছাড়া বাকিরা পলাতক রয়েছে।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এরপর ২৬ জুন অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হয়।
১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে ‘অভিযোগের উপাদান’ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল।
বর্তমানে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা।
১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন।
মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন।
পাঁচ অভিযোগ
অভিযোগ ১: যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন এবং ধর্ষণ।
অভিযোগ ২: একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তার ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা।
অভিযোগ ৩: কেশবপুরের চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন।
অভিযোগ ৪: কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন।
অভিযোগ ৫: কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন।
