২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপা দিয়ে অটোচালককে হত্যার অভিযোগ

ঢাকার উত্তরার জসিমউদ্দীন রোডে কথা কাটাকাটির জেরে এক অটোচালককে বাসের চাকায় পিষে মারার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 09:15 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

এ ঘটনায় মঙ্গলবার রাতে বাস চালকের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন নিহত মো. ফারুকের (৪০) স্বজনরা।

উত্তরা (পশ্চিম) থানার এসআই মো. খলিলুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশা চালক মো. ফারুকের মৃত্যু হয়।

পরে বাসযাত্রীরাই চালক আবদুল মজিদকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

“প্রত্যক্ষদর্শী ও নিহত ফারুকের স্বজনদের অভিযোগ, বাসচালক মজিদ ইচ্ছা করে ফারুককে চাপা দিয়ে হত্যা করেছে,” বলেন এসআই খলিল।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছে, জসিমউদ্দীন রোডে বাসটি পেছন থেকে ফারুকের অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে একটি সিগনালে বাস থামলে ফারুক অটো থেকে নেমে এসে বাসের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ চায়।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস চালক মজিদ ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়। এরপর যাত্রীরা মজিদকে ধরে পুলিশে দেয় বলে জানান খলিল।

পরে রাতে ফারুকের আত্মীয় হারুন থানায় গিয়ে মজিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ফারুকের গ্রামের বাড়ি বরিশালে, ঢাকায় তিনি থাকতেন মুগদায়।