২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ্রন্থাগারে ব্রেইল বই দিল ‘স্পর্শ’

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জ্ঞান পিপাসা মেটাতে কাজ করে আসা স্পর্শ ব্রেইল প্রকাশনা তাদের বই দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 01:46 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এই বইগুলো হস্তান্তর হয়।

বিজয়ের মাসে একাত্তরের সব শহীদকে স্মরণ করে এই বই প্রদান অনুষ্ঠান সূচনা করেন স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবীন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই অনুষ্ঠানে উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক সৈয়দা ফরিদা পারভীন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন, এয়ারটেল বাংলাদেশের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা মতিনও ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ সারোয়ার হোসেন খান। তিনি বাংলাদেশে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, যিনি ২০০৮ সালে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক হিসেবে কর্মরত।   

সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রেইল প্রকাশনা একটি মহৎ উদ্যোগ। ব্রেইল পদ্ধতিকে বিশেষ পর্যায়ে নিতে হবে।”

ব্রেইল প্রকাশনার পাশাপাশি অডিও সিডি সংস্করণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ইডেন কলেজের শিক্ষার্থী রূপা তাবাসসুম লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের ব্রেইল সংস্করণ থেকে পাঠ করে শোনান।

২০০৯ সালে ছড়ার বই ’ছড়ার তালে মনটা দোলে’ ব্রেইল প্রকাশনার মাধ্যমে যাত্রা শুরু করে স্পর্শ ব্রেইল প্রকাশনা।  

অমর একুশে গ্রন্থমেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনার স্টল থেকে বিনা মূল্যে বই বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য।

নাজিয়া জাবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীতে ইংরেজি সাহিত্য থেকে ব্রেইল প্রকাশনা করার ভাবনা রয়েছে আমাদের। তবে আমাদের প্রয়োজন ব্রেইল গ্রন্থাগার।” 

মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ ‘৭১ দেখবো বলে’র মতো ছোটদের পাশাপাশি বড়দের জন্যও কাব্যগ্রন্থ ও সাহিত্য বই প্রকাশের পরিকল্পনা জানান তিনি।