২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ ২৬ ডিসেম্বর

বেতন স্কেল উন্নীত করাসহ ছয় দফা দাবিতে আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

২৪ ডিসেম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও ওইদিন ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি পড়ায় সমাবেশ পেছানো হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফেডারেশন।

শিক্ষক ফেডারেশনের ব্যানারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারটি সংগঠনের শিক্ষকরা যৌথভাবে ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশে অংশ নেবেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৫ থেকে ১১ গ্রেডে পুনঃনির্ধারণ, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষকদের মধ্য থেকে মহাপরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি রয়েছে শিক্ষকদের।

সমাবেশ থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবি জানানো হবে।

এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালেরও দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা।