২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ এজেন্সির কার্যক্রম তদারকি করবে ধর্ম মন্ত্রণালয়

ওমরাহর নামে মানবপাচার বন্ধে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর কার্যক্রম সরাসরি তদারকি করবে বলে জানিয়েছেন মন্ত্রী মতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, "যেসব ওমরাহ এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেগুলো ওমরাহ কার্যক্রম চালাতে পারবে।

"ওমরাহর নামে কেউ যেন মানবপাচারে জড়িত না হয় সেজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

মানব পাচারের অভিযোগে নয় মাস ধরে বন্ধ রাখার পর গত ১৪ ডিসেম্বর বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানায় সৌদি আরব।

এরপর আগামী বছর ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য সোমবার প্রাথমিকভাবে ৭০টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়।

মতিউর রহমান বলেন, "ওমরাহর নামে মানব পাচারে জড়িত এজেন্সিগুলোকে ইতোমধ্যে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দায়ী এজেন্সিগুলোকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।"

২০১৪ সালে বাংলাদেশ থেকে ওমরাহ করতে ১১ হাজার ৪৮৫ জন সৌদি আরব গিয়ে ফেরত আসেননি।

সৌদি আরবে ওমরাহর নামে মানবপাচারের অভিযোগের প্রমাণ মেলায় ৯৫টি হজ এজেন্সিকে গত ১৮ নভেম্বর শাস্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ প্রসঙ্গ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, "দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সৌদি সরকারকে অবহিত করা হয়। এরপর ওমরাহ ভিসা ইস্যু করার অনুরোধ জানানো হলে সৌদি ওমরাহ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমাদের অবহিত করে।"

পুরনো খবর:

খুলল ওমরাহর পথ
ওমরার নামে মানব পাচারকারীদের ছাড় নেই: ধর্মমন্ত্রী