ঢাকার দক্ষিণখানে তরুণীর লাশ
ঢাকার দক্ষিণখানে একটি উন্মুক্ত স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার ভোরের দিকে ফায়দাবাদ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয় বলে দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান।
ওই তরুণীর পরনে ছিল চেক সারোয়ার কামিজ। তার বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, ঢাকার শ্যামলীতে ‘ফুট ওভার ব্রিজের’ কাছে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
ভোরের দিকে কোনো একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই যুবক গুরুতর আঘাত পান।
মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি মর্গে রাখা হয়েছে।
