২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে ‘নয়-ছয়’

মুক্তিযোদ্ধাদের কল্যাণে লক্ষ্মীপুর জেলায় নির্মিত ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই তা বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়ার পাশাপাশি নকশা বদলের মতো অনিয়ম পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 08:51 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন প্রতিবেদনে এই অনিয়ম পাওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটকে কেন ভবনটি হস্তান্তর করা হয়নি, তা যেমন জানতে চাওয়া হয়েছে; পাশাপাশি অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

দোকান, ব্যাংক ও বীমা অফিস ও হলরুম ভাড়ার আয় দিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা, মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণমূলক কাজ করার লক্ষ্যে সব জেলায় কমপ্লেক্স তৈরির প্রকল্প ২০১০ সালে অনুমোদন করে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত প্রকল্পটি গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করছে।

আইএমইডির সচিব মো. শহীদ উল্লা খন্দকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “লক্ষ্মীপুরে কমপ্লেক্স ভবনটিতে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী প্রকল্পটির বাস্তবায়কারী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের সুপারিশ করেছি।”

প্রতিবেদনে দেখা যায়, লক্ষ্মীপুরে তিন তলার এ কমপ্লেক্স ভবনটির নিচ তলায় নয়টি দোকান আর দোতলায় কমিউনিটি সেন্টার, ব্যাংক, বীমার অফিস তৈরির নকশা থাকলেও দুই তলায় ১৮টি করে ৩৬টি দোকান তৈরি করে ইতোমধ্যে ভাড়াও দেওয়া হয়েছে।

অথচ প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২ হাজার ৫০০ বর্গফুটের এই ভবনের নিচতলা বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়ার জন্য ৯টি দোকান থাকবে। দ্বিতীয় তলায় অফিস, ব্যাংক, কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হবে। তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা কমান্ডারের অফিস, ডেপুটি কমান্ডারের অফিস এবং সভা সেমিনার কক্ষ থাকবে।

নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পরই আমাকে প্রকল্প পরিচালক করা হয়েছে। তাই ভবনের নকশা পরিবর্তন কীভাবে হয়েছে, তা আমার জানা নেই।”

তিনি আর কোনো তথ্য দিতে অপারগতা জানিয়ে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সচিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

লক্ষ্মীপুরের কমপ্লেক্সটি ২০১২ সালের ২৫ ডিসেম্বর নির্মাণ শেষ হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি, তা জানতে চেয়েছে আইএমইডি।

আর লক্ষ্মীপুর জেলা কমান্ড ইউনিট ভবন বুঝে পাওয়ার আগে কীভাবে তা বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দিয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে।

Image
লক্ষ্মীপুরে সদ্যনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

লক্ষ্মীপুরে সদ্যনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

নকশা বদলে দুই তলায় ৩৬টি দোকান তৈরির পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় তলার বাইরের অংশে তিন ফুট চওড়া টানা বারান্দা তৈরি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, নকশা অনুযায়ী এ কমপ্লেক্স ভবনটি নিজস্ব ধারায় করার নির্দেশনা থাকলেও তা এখন একটি সাধারণ মার্কেটের মতোই দেখাচ্ছে।

“আইএমইডির পরিদর্শন কর্মকর্তা গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীকে এ বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রকৌশলী বলেন, ‘নির্মাণের সময় মুক্তিযোদ্ধারা বাধা দেওয়াতে প্রকল্পের নকশা অনুযায়ী কাজ করা সম্ভব হয়নি’,” বলা হয়েছে প্রতিবেদনে।

প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ৬০%

প্রতি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের প্রকল্পটি শেষ করার কথা ছিল ২০১৩ সালের জুনে। কিন্তু কাজের অগ্রগতি না থাকায় প্রতিবছরই বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এক বছর করে প্রথমে ২০১৪, পরে ২০১৫ এবং শেষের বার ২০১৬ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

আইএমইডির পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ১১৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৬৬ লাখ টাকা।

প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৮৮ কোটি ৫৪ লাখ টাকা বা ৫৮ শতাংশ; বাস্তবায়ন কাজের অগ্রগতি ৬০ শতাংশ।

কোনো কোনো জেলায় কমপ্লেক্স ভবন নির্মাণ হলেও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটকে আনুষ্ঠানিক হস্তান্তর করা হচ্ছে না, যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে আইএমইডি।

ভূমি জটিলতা, মামলার কারণে একই সঙ্গে বাস্তবায়নকারী সংস্থা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়হীতার কারণে অনেকে জেলায় কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ আটকে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৬৪ জেলার মধ্যে ২৬ জেলায় কমপ্লেক্স ভবন নির্মাণ শেষে উদ্বোধন হয়েছে। এগুলো হচ্ছে- যশোর, গোপালগঞ্জ, কক্সবাজার, পটুয়াখালী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নীলফামারী, নরসিংদী, মাদারীপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, নাটোর, দিনাজপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, শরীয়তপুর, সুনামগঞ্জ, নড়াইল ও মেহেরপুর।

১৭ জেলায় ভবনের নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে- কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, শেরপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনী, রাঙ্গামাটি, বাগেরহাট, ঠকুরগাঁও, রাজশাহী, ঝালকাঠি, বরগুনা ও বরিশাল।

নির্মাণ কাজ চলমান রয়েছে চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল, খুলনা ও সিলেট এই পাঁচ জেলায়।

সাত জেলায় কমপ্লেক্স ভবন নির্মাণে কেবল জমি বরাদ্দ পাওয়া গেছে; নকশা, দরপত্র তৈরির প্রক্রিয়ার পর বাস্তবায়ন কাজ শুরু হবে। জেলাগুলো হলো- চাঁদপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, গাজীপুর, রাজবাড়ি ও পিরোজপুর।

জমি প্রাপ্তি প্রক্রিয়াধীন রয়েছে পাবনা, বগুড়া, কুড়িগ্রাম ও নওগাঁ এই চার জেলায়।

আদালতের নিষেধাজ্ঞার কারণে স্থগিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার ভবন নির্মাণ কাজ। এখনও জমি পাওয়া যাচ্ছে না বান্দরবান জেলায়।

ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাবের কারণে ভোলা জেলায় ভবন নির্মাণ কাজ ঝুলে গেছে। আর ঢাকা জেলায় ভবন নির্মাণে জমি উপযোগী নয় বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুরনো খবর:

লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: নকশা বহির্ভূত দোকান বন্ধের নির্দেশ