কোন দেশে কিভাবে যাব জিজ্ঞাসায় সরগরম অভিবাসন মেলা
আন্তর্জাতিক অভিবাসন দিবসে বিদেশে কর্মসংস্থানের নানা তথ্য তুলে ধরে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী অভিবাসন মেলা।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই মেলা দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে উঠে। কোন দেশে কিভাবে যাবেন, কী কী কাজের সুযোগ রয়েছে, বেতন কেমন- এ ধরনের নানা তথ্য স্টলে স্টলে ঘুরে জানতে চান তারা।
বিদেশে চাকরির তথ্য নিয়ে বার্ষিক এই মেলায় সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলোর সরব উপস্থিতি দেখা গেলেও জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সেভাবে অংশ নিতে দেখা যায়নি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ৯ শতাধিক বেসরকারি এজেন্সির মধ্যে মেলায় মাত্র চারটি প্রতিষ্ঠানকে স্টল নিয়ে বসতে দেখা গেছে।
বাংলাদেশ জনশক্তি রপ্তানি সংস্থা (বায়রা), রাষ্ট্রীয় রিক্রুটমেন্ট এজেন্সি বোয়েসেল, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসহ অভিবাসন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেয়।
এছাড়া প্রবাসী কর্মজীবীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সেবা সংস্থা, নিবন্ধিত আন্তঃদেশীয় মুদ্রা সরবরাহ প্রতিষ্ঠান (মানি ট্রান্সফার এজেন্সি) ও রেমিটেন্স নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি ব্যাংকগুলোও মেলায় ছিল।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ, মানুষের জন্য ফাউন্ডেশনসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল মেলায়। এছাড়া সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক তাদের রেমিটেন্স সেবার তথ্য নিয়ে মেলায় স্টল বসায়।
প্রাইম ব্যাংকের রেমিটেন্স বিভাগের প্রধান নাহিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সব ধরনের প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অভিবাসন তথ্যের আদান-প্রদানে এক কথায় এটি চমৎকার একটি সুযোগ।
“বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মপরিধির তথ্য নিয়ে আমাদের স্টলে এসেছেন। আমরাও আমাদের সেবাগুলো তুলে ধরেছি। তবে যেসব এজেন্সি বিদেশে লোক পাঠায় তাদের আরও বেশি উপস্থিতি থাকলে মেলা আরও সমৃদ্ধ হত।”
সাদিয়া ইন্টারন্যাশনাল, গ্রিনল্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস, মনসুর আলী ট্রেনিং সেন্টার, বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস- এই চারটি বেসরকারি সংস্থা মেলায় অংশ নেয়।
সাদিয়া ইন্টারন্যাশনালের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিদেশ গমনেচ্ছুদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দালাল শ্রেণির লোকের কারণে বিদেশে গমনের ক্ষেত্রে মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ে। তবে মেলায় এসে লোকজন সরাসরি এজেন্সিগুলোর সেবা সম্পর্কে জানতে পারছেন।
মেলা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশে কর্মসংস্থার ওপর এক কথায় চমৎকার একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতবারের তুলনায় এবারের মেলার আয়োজন ছিল আরও সুগঠিত ও তথ্য সমৃদ্ধ।”
মেলায় বেসরকারি সংস্থাগুলোর স্বল্প উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে নিবন্ধিত আরও অনেক সংস্থা রয়ে গেছে যারা মেলায় আসেনি। তাদের অনুপস্থিতি আমাদের একটা ব্যর্থতা। ভবিষ্যতে বিদেশে লোক পাঠানোর কাজে নিয়োজিত আরও বেশি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা গেলে মেলা আরও জমে উঠবে।”
