২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১০ অভিযোগ ‘খতিয়ে’ দেখতে বলেছে ইসি

বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণ এবং তাদের পক্ষে মন্ত্রী-সাংসদদের প্রচারের দশ অভিযোগ খতিয়ে দেখতে আরও আট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

ইসির উপ সচিব রকিব উদ্দিন মণ্ডল শুক্রবার জানান, গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ইসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের।

তিনি জানান, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, বরগুনা সদর, বাকেরগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, রাজশাহীর তাহেরপুর, শেরপুর সদর ও ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ এসেছে।

“মন্ত্রী-এমপি-প্রার্থীর বিধিলঙ্ঘনের অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা ও যথার্থতা যাচাই করে বিধি অনুযায়ী  ব্যবস্থা নিতে বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কি ব্যবস্থা নিলেন- তা ইসিকে অবহিত করবেন,” বলেন রকিব মণ্ডল।

একজন মন্ত্রী, চার সাংসদ ও পাঁচ প্রার্থী ওইসব এলাকায় ইসির নির্দেশনা উপক্ষো করে বিজয় দিবসের অনুষ্ঠানে ভোটের প্রচার চালিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জ সদর পৌরসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন। পরে মন্ত্রীর গাড়িবহর দলীয় প্রার্থীর মিছিলের পেছনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে একটি সংবাদপত্রের খবরে বলা হয়।

তবে মন্ত্রী বিধি লঙ্ঘন করে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ইসির নির্দেশনা পেলে খতিয়ে দেখা হবে।”

১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৪০টি অভিযোগ (প্রত্রিকায় প্রকাশিত ও লিখিত) খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।

এর কোনোটির বিষয়েই মাঠ কর্মকর্তাদের কোনো প্রতিবেদন এখনো ইসিতে আসেনি।

এর আগে ময়মনসিংহের ফুলপুরে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন পাঠিয়ে অভিযোগ খতিয়ে দেখতে বলে ইসি। তথ্যমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে পরে গণমাধ্যমে বিবৃতিও দেন।

“কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এখনো ঘটনার সত্যতা ও যথার্থতা যাচাই করেছেন কিনা- তা ইসিকে অবহিত করেননি,” বলেন মনিটরিং কমিটির সভাপতি রকিব।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোট হবে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ হাজারেরও বেশি প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

পুরনো খবর:

পৌর ভোটে নিয়ম ভাঙা দেখে ‘ক্ষুব্ধ’ সিইসি
আচরণবিধি ভাঙিনি: ইনু
বিধি ভঙ্গ: তিন সাংসদের ‘দুঃখ’ প্রকাশ