২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি ভঙ্গ: তিন সাংসদের ‘দুঃখ’ প্রকাশ

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজেদের উপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিন সাংসদ।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার বিষয়েও সাংবিধানিক এই প্রতিষ্ঠানের কাছে ‘কথা দিয়েছেন’ তারা।

মঙ্গল ও বুধবার পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের প্রেক্ষিতে ইসির শোকজের জবাব দেন ক্ষমতাসীন দলের সাংসদ ঢাকা-২০ আসনের এম এ মালেক, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নোটিসে উল্লেখ করা হয়।

পাশাপাশি বুধবারের মধ্যে তাদের জবাব দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল।

জানতে চাইলে সাংসদ এম এ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ইসি সচিব বরাবর জবাব পাঠিয়েছি। অনাকাঙ্খিত ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছি। সেই সঙ্গে আগামীতে আচরণবিধি অনুসরণের বিষয়ে সচেতন থাকব বলে উল্লেখ করেছি।”

তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মেয়র প্রার্থীর সঙ্গে না গেলেও পরে একসঙ্গে ছবি তুলেছিলেন,যা গণমাধ্যমেও এসেছে।

এর আগে মঙ্গলবার নাটোরের শফিকুল ইসলাম শিমুল ইসি সচিবের কাছে জবাব পাঠান।

এতে তিনি উল্লেখ করেন, মেয়র প্রার্থী উমা চৌধুরীর সঙ্গে যাওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রকাশ করছেন।

জাতীয় সংসদের প্যাডে নোটিসের জবাবে তিনি লেখেন, “এটা আমার অনিচ্ছাকৃত ভুল। এজন্যে দুঃখ প্রকাশ করছি। আগামীতে আচরণবিধি পালনের বিষয়ে সচেতন থাকব।”

অপর সাংসদ বরগুনার রিমনও জবাব দিয়েছেন বলে বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিশ্চিত হয়েছে।

রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। আমি বিষয়টি অবহিত ছিলাম না। এ জন্য দুঃখ প্রকাশ করে শোকজের জবাব দিয়েছি।”

ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকবেন বলে নোটিসের জবাবে উল্লেখ করেছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

পৌর ভোট: তিন সাংসদকে নোটিস দিচ্ছে ইসি