‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ চায় হিন্দু মহাজোট
দেশের বিভিন্ন স্থানে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার প্রেক্ষাপটে সংখ্যালঘু সুরক্ষা আইন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের এই দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান হিন্দু জাতীয় মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে।
তিনি বলেন, দিনাজপুরের কান্তজীর মন্দির ও ইসকন মন্দিরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে, সেগুলোর তদন্তে কমিটি করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
“সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে।”
দুদিন আগে ঢাকার ধামরাই কলেজের শিক্ষার্থী মল্লিকা চক্রবর্তীর ওই এসিড হামলার ঘটনার কথা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় ও মহাসচিব আনন্দ কুমার বিশ্বাসসহ নেতারা বক্তব্য রাখেন।
পৌরসভার নির্বাচনকে সামনে রেখে হিন্দু ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করে বক্তারা এদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান।
