ঢাকায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীর কাছে দয়াগঞ্জ মোড় এলাকায় এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা লুট করেছে মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী।
ঘটনার শিকার ইউসুফ আলীকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
ইউসুফের স্ত্রী শাহানুরের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাসা থেকে বের হয়ে ফল কিনতে রিকাশায় করে যাচ্ছিলেন ইউসুফ।
“দয়াগঞ্জ মোড়ে দুটো মোটরসাইকেলে করে কয়েকজন ছিনতাইকারী ইউসুফের পথ আটকায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা এক লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।”
খবর পেয়ে ইউসুফকে তার স্ত্রীই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন বলে জানান মোজাম্মেল।
ইউসুফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে বলে এই পুলিশ পরিদর্শক জানান।
