গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ঢাবি ছাত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গায়ে আগুন দিয়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধারের পর ফারসি বিভাগের ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৮ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বন্ধুরা বলছেন, প্রেমের সম্পর্কের টানাপড়েন থেকে কবি সুফিয়া কামাল হলের এই ছাত্রী আত্মহননের প্রয়াস চালিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।
“বিকালে ওই ছাত্রী টিএসসির একটি টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দেয়।”
ওই ছাত্রীকে শিক্ষার্থীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এক বন্ধুর সঙ্গে টিএসসির তৃতীয় তলা থেকে নামার সময় দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে চিৎকার শুনতে পাই। কাছে গিয়ে ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখি এবং একটি মেয়েকে ‘মা বাঁচাও’ বলে চিৎকার করতে শুনি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির এই টয়লেটেই আত্মহত্যার চেষ্টা চালান এক ছাত্রী
তখন টয়লেটের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করে উপস্থিত অন্যদের সাহায্য নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যান মাহবুব ও তার বন্ধু।
বার্ন ইউনিটের ইনচার্জ ডা. ফয়সালুজ্জামান সাংবাদিকদের বলেন, আগুনে মেয়েটির শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।
খবর পেয়ে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও টিএসসি পরিচালক আলমগীর হোসেন।
ওই ছাত্রীরার বন্ধুরাও হাসপাতালে উপস্থিত হন।
আইন বিভাগের ছাত্রী মানসুরা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাট্যকলা বিভাগের এক ছাত্রের সঙ্গে দীর্ঘ দিনের প্রেম ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল তার বান্ধবী।
কবি সুফিয়ার কামাল হলের প্রাধ্যক্ষা নীলুফার নাহার অন্য শিক্ষার্থীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।”
* ওই ছাত্রীর পরিবারের অনুরোধে প্রতিবেদন থেকে তার নামটি প্রত্যাহার করা হয়েছে।
