প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল ৩১ ডিসেম্বর
চলতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় বসা ৫৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে বছরের শেষ দিন।
এবার ৩১ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-১) এ কে এম জাকির হোসেন ভূঁঞা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
২০১৪ সালেও একই দিনে এ দুটি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।
রেওয়াজ অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।
এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দুই মন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
আর বেলা ২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলনে ক্ষুদে শিক্ষার্থীদের ফলের বিস্তারিত প্রকাশ করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
গত ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে।
পাঠ্যপুস্তক উৎসব
দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করে ওইদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে।
এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩৪ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করবে সরকার।
মাধ্যমিকের চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ১২৪টি এবং প্রাথমিকের দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই ছাপানো হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসেব অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত ২৭ কোটি পাঠ্যবই দেশের বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে।
সুবোধ চন্দ্র ঢালী জানান, ১ জানুয়ারি মিরপুরে ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ফিজার।
আর ২ জানুয়ারি রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী নাহিদ।
