ঢাকা নিউ মার্কেটে গুলিতে গুদাম কর্মচারী আহত
রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক গুদাম কর্মচারী আহত হয়েছেন।
আহত মো. দিপু (৪২) নিউ মার্কেটের এক কাপড়ের গুদামের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার রাত ১টার দিকে দিপুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাত ১১টার দিকে গুদাম বন্ধ করে কাঁচাবাজার এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে দিপু আহত হন।
“তার ডান পায়ের উরুতে একটি গুলি লেগেছে,” বলেন মোজাম্মেল।
তবে কারা কেন দিপুকে গুলি করে থাকতে পারে- সে বিষয়ে স্বজনরা পুলিশকে কোনো ধারণা দিতে পারেননি।
