২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে বিশেষ নিরাপত্তা

বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2015, 12:49 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বিজয় দিবসের একদিন আগে মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেছেন, বিজয়ের দিনটি উৎসবমুখর করতে যা যা করা দরকার তা করা হবে।

“নিরাপত্তার জন্য যখন যেখানে যা করার দরকার হবে, সেই ব্যবস্থা আমরা নেব।”

এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ে দায়িত্বরত মেজর রুম্মান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে র‌্যাব ‘স্পেশাল’ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলগুলোতে ভিআইপি নিরাপত্তা ছাড়াও যেসব স্থানে সাধারণ মানুষ যাতায়াত করবে এবং বিভিন্ন অনুষ্ঠান করবে সে সব স্থানে নিরাপত্তা নির্বিঘ্ন করতে র‌্যাব থাকবে।

সারাদেশে র‌্যাবের টহল দল ছাড়াও ডগ-স্কোয়াড থাকবে বলে জানান মেজর রুম্মান।

“সকল ধরনের নাশকতার কথা চিন্তা করেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।”

বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “র‌্যালির নামে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, র‌্যালিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকব আমরা।”

জঙ্গিদের তৎপরতার বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা আমরা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রহস্য উদঘাটন করতে পেরেছি।”

বিজয় দিবসে আতশবাজির জন্য পুলিশের অনুমতি লাগবে।

আইজিপি বলেন, “ঢাকা শহরসহ সারাদেশের জন্য এটা প্রযোজ্য হবে। যেসব এলাকায় অনুমতি চাওয়া হবে, সেই এলাকার পরিপ্রেক্ষিতে পুলিশ অনুমতি দেবে।”

বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে রাষ্ট্রীয় কর্মসূচি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।