বিশেষায়িত ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন জয়
সরকারের তথ্য-প্রযুক্তি কর্মকর্তা ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের জন্য একটি বিশেষায়িত ডিজিটাল ল্যাবের (ল্যাবরেটরি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) এ ল্যাবের উদ্বোধনের পাশাপাশি ‘মুক্তিযুদ্ধ ৭১’ নামে একটি ভিডিও গেম এবং ‘সোনামনি গার্ড’ নামের একটি সফটওয়্যারের উদ্বোধন করেন তিনি।
সেনাবাহিনীর জন্য একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি বোমা নিষ্ক্রিয়কারী রোবট প্রদর্শন করা হয় এ অনুষ্ঠানে।
প্রযুক্তি বিষয়ক এসব উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানিয়ে জয় বলেন, “আমি খুবই গর্বিত যে, আমাদের দেশের লো রিসোর্স নিয়ে আপনারা এতসব তৈরি করতে পেরেছেন।”
এই ল্যাবের মাধ্যমে বছরে ৫০ হাজার করে আইটি পেশাজীবী ও কর্মকর্তাদের প্রশিক্ষণে সরকারের নেওয়া উদ্যোগ আরও গতিশীল হবে বলে উদ্বোধনীতে আশা প্রকাশ করেন জয়।
'সোনামনি গার্ড' হলো অপ্রাপ্ত বয়স্কদের 'ক্ষতিকর ওয়েবসাইটে' প্রবেশ সম্পর্কে অভিভাবকদের পর্যবেক্ষণের ব্যবস্থা সম্বলিত একটি সফটওয়্যার।
এই সফটওয়্যার কাজের ধরন ও বিভিন্ন সুবিধা দেখে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় বলেন, “সোনামনি অ্যাপটা অসাধারণ”।
'মুক্তিযুদ্ধ ৭১' গেম তৈরি করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপড় ভিত্তি করে, যা দেখে জয় রীতিমতো মুগ্ধ।
“গেমটা দেখে আমি খুবেই ইমপ্রেসড। এটার গ্রাফিক্স চমৎকার।”
নাইটভিশন ক্যামেরার পাশাপাশি আরও কিছু বিশেষ সুবিধা নিয়ে তৈরি এই রোবট ২০ কেজি ওজনের বোমা সরাতে সক্ষম।
মেজর সাবরি বলেন, "যুক্তরাষ্ট্র থেকে চার কোটি টাকায় কিনতে হতো এ ধরনের রোবট; যা বাংলাদেশের এই প্রতিষ্ঠান বানিয়েছে মাত্র ৩২ লাখ টাকায়।"
অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
