২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রয়োজনে আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 02:08 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

তিনি বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।  

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪তম বার্ষিকী উদযাপনের আগে যখন জামায়াত নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জোরালো হয়ে উঠেছে, তখনই মন্ত্রীর এই বক্তব্য এলো।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সকল যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান সংবিধানে না হলে প্রয়োজনে তা পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন আগে থেকেই মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে আসা কোনো রায়েই সম্পদ জব্দ বা ক্ষতিপূরণের বিষয়টি আসেনি। 

ট্রাইব্যুনাল আইনে ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্টভাবে বলা না থাকায় একাত্তরের বীরাঙ্গনাদের ক্ষতিপূরণের আদেশ দেয়নি। তার বদলে রাষ্ট্রকে বীরাঙ্গনাদের স্বীকৃতি ও পুনর্বাসনের উদ্যোগ নিতে বলেছে আদালত। পাঠ্যপুস্তকেও তাদের গৌরবগাথা অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার বিচারে প্রসিকিউশনের পক্ষ থেকে বীরাঙ্গনাদের ক্ষতিপূরণের দাবি তোলা হয়।

গতবছর ৩০ ডিসেম্বর ওই মামলার রায়ে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের ফাঁসির রায় আসে।

রায়ে বলা হয়, প্রসিকিউশন বীরাঙ্গনাদের ক্ষতিপূরণের আবেদন জানালেও ট্রাইব্যুনাল আইনে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই।

“কিন্তু আমরা মনে করি, রাষ্ট্রের উচিৎ আর দেরি না করে এই বীরাঙ্গনাসহ সকল বীরাঙ্গনাকে যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন করা। কারণ তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত এবং সম্মানিত বীরাঙ্গনা। সমাজে তাদেরকে গ্রহণ, স্বীকৃতি এবং সম্মানিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শহীদ ও মুক্তিযোদ্ধাদের মতো তারাও জাতির অহঙ্কার।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে যুদ্ধাপরাধে দল হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে এসেছে। ২০১৩ সালে মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৩ সালের ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। ওই রায়ের ফলে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি এ দেশে নির্বাচন করার অধিকার হারায়। এর বিরুদ্ধে জামায়াতের আপিল বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায়।   

জামায়াত নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠলেও ওই আপিল নিষ্পত্তির পরই সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলে গতবছর জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “ধর্মীয় দল হিসেবে নয়, যুদ্ধপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে।”

বাংলাদেশ সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন প্রধান অতিথি।

তিনি বলেন, “বিজয়ের আনন্দ আমরা ভুলে গিয়েছি, কিন্তু পরাজিত সৈনিকেরা ভোলেনি বলেই এখনো ষড়যন্ত্র করছে।”

যারা ‘হত্যা করে ক্ষমতায়’ যেতে চায়, এদেশের মাটিতে তাদের ‘রাজনৈতিক কবর’ হবে বলেও তিনি মন্তব্য করেন।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করে, তারা ‘যুদ্ধপরাধী, মৌলবাদী ও অশিক্ষিতের দল’।

আয়োজক সংগঠনের সভাপতি রেদোয়ান খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংস্কৃতিককর্মী শফি কামাল, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও উত্তম কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।