শিশু নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট
রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে শিশু ইসলাইল হোসেন নীরবের ‘অবেহলাজনিত’ মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও করপোরেশনের সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে কয়েকদফা নির্দেশনাসহ এই রুল দেয়।
সেইসঙ্গে নীরবের মৃত্যুর পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে তিন মাসের মধ্যে কমদতলী থানার ওসিকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
আদালতে আবেদনকারী ব্যারিস্টার আবদুল হালিম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল নূসরাত জাহান।
রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ৮ ডিসেম্বর রাতে শিশু নীরবের লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে আরেক নালায়।
ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ১৩ ডিসেম্বর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যরিস্টার আব্দুল হালিম, যার ওপর মঙ্গলবার শুনানির পর আদেশ হয়।
রুলে রাজধানীতে যত ম্যানহোল, পাইপ, কূপ, নলকুফ, সুড়ঙ্গ ও গর্ত রয়েছে সেগুলোর নিরাপত্তায় কেন একটি সাধারণ নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
নির্দেশনায় লোকেশন ও ম্যাপ অনুযায়ী ঢাকা শহরের পাইপ, গর্ত, সুড়ঙ্গ, ম্যানহোল, স্যুয়ারেজ পাইপের তথ্য-তালিকা এবং এর মধ্যে কতগুলো অরক্ষিত ও ঢাকনাবিহীন আছে সেই সংখ্যা ও তথ্য তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সচিব, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ছয় বিবাদীকে তিন মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান ব্যারিস্টার আবদুল হালিম।
পরে ব্যারিস্টার আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তিনটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে নীরব যেখানে দুর্ঘটনার শিকার হয়েছিল সেই ম্যানহোল ও জমির মালিকা নির্ধারণ ও নির্ধারণ করতে গিয়ে যদি দেখা শ্যামপুর-কদমতলী ইন্ড্রাস্ট্রিজ ওর্নাস অ্যাসোসিয়েশন হলে কোন শর্তে তা দেওয়া হয়েছে সেসব তদন্ত করে তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শ্যামপুরের নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমিকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
