শিশু নীরবের মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে রিট
রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে শিশু ইসলাইল হোসেন নীরবের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন এক আইনজীবী।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যরিস্টার আব্দুল হালিম রোববার এই রিট আবেদন করেন।
সোমবার এর ওপর শুনানি হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর মঙ্গলবার রাতে শিশু নীরবের লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে আরেক নালায়।
রিট আবেদনে নীরবের পরিবারকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
সেই সঙ্গে ঢাকা শহরের ম্যাপ অনুযায়ী যেসব স্থানে ঢাকানাবিহীন ম্যানহোল, অরক্ষিত কূপ, পাইপ, পয়ঃনিষ্কাশন পাইপ রয়েছে সেই তথ্য সম্বলিত তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
নীরব যেখানে দুর্ঘটনার শিকার হয়েছিল সেই জায়গার মালিককে এবং ওই ম্যানহোলের তত্ত্ববাধানে কে আছে সে বিষয়েও তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
সেই সঙ্গে ওই ঘটনার পর কদমতলী থানা পুলিশ কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবসহ ১৩ জনকে।
পরে ব্যরিস্টার আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিট আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে জমা দেওয়া হয়েছে। কাল বা পরশু আবেদনের ওপর শুনানি হতে পারে।”
