২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: রিটের আদেশ ভোটের পর

বিধিমালার তফসিলে বিষয়গত ত্রুটি রয়েছে দাবি করে আসছে পৌরসভা নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে যে রিট আবেদনটি হাই কোর্টে হয়েছে, তার আদেশ হবে ৩ জানুয়ারি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 01:22 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের এ দিন নির্ধারণ করে।

এই প্রেক্ষাপটে ৩০ ডিসেম্বর সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই, বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটের দিন ঠিক করে গত মাসে তফসিল ঘোষণা করে ইসি। এরপর মনোনয়নপত্র জমা নেওয়া থেকে শুরু করে প্রতীক বরাদ্দও ইতোমধ্যে হয়ে গেছে। 

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনের বিধিমালা-২০১০ এর প্রতীক বরাদ্দ সংক্রান্ত চারটি তফসিলে বিষয়গত ত্রুটি রয়েছে দাবি করে ১৩ ডিসেম্বর হাই কোর্টে আবেদন করেন এক আইনজীবী, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।

সকালে বিষয়টি উত্থাপিত হলে আদালত ‘ত্রুটির বিষয়ে’ নির্বাচন কমিশন জানে কি না এবং বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা ইসির আইনজীবীকে জানাতে বলে দুপুরের পর শুনানির জন্য রাখা হয় আবেদনটি।  

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন তৌহিদুল ইসলাম।

ধার্য সময়ে নির্বাচন কমিশনের আইনজীবী এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানালে আদালত আদেশের জন্য ৩ জানুয়ারি দিন রাখে।

ইসির আইনজীবী তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ নভেম্বর নির্বাচন বিধিমালায় যে সংশোধন আনা হয়েছে সেখানে প্রতীক বরাদ্দ সংক্রান্ত তফসিলের বিধির রেফারেন্স নম্বরগুলোয় কিছু ছোট-খাটো ত্রুটি রয়েছে।

“এটি সংশোধন করা হয়েছে, এখন গেজেট প্রকাশের অপেক্ষায় বলে আদালতে বলেছি। পরে আদালত ৩ জানুয়ারি আদেশের জন্য দিন রেখেছে। এখন নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই।”

এর আগে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা-২০১০ এর তফসিল-২ এ চলতি বছরের ২৩ নভেম্বর সংশোধনী আনা হয়।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ সংক্রান্ত ওই বিধিমালার চারটি তফসিলের ত্রুটি রয়েছে দাবি করে আইনজীবী এস এম জুলফিকার আলীর করা রিটে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও চাওয়া হয়।

রিট আবেদনে বিবাদী করা হয় প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, উপ-সচিব, স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে।

পুরনো খবর:

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট